নৈহাটিতে নির্মাণ হোটেলের সামনে গুলিচালনা, চাঞ্চল্য এলাকাজুড়ে
নৈহাটি: উত্তর ২৪ পরগনার নৈহাটির বরা মাহমুদপুর এলাকায় একটি নির্মাণাধীন হোটেলের সামনে দুষ্কৃতীদের গুলিচালনার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার রাতে মোটরবাইকে করে আসা দুই দুষ্কৃতী ওই এলাকায় এসে পরপর গুলি চালায় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি নির্মাণাধীন হোটেলের সামনে এসে বাইকে থাকা দুই ব্যক্তি আচমকাই গুলি চালায়। গুলির একটি হোটেলের শাটারে গিয়ে লাগে। অপর একটি গুলির শব্দ শুনতে পান এলাকার বাসিন্দারা। ঘটনার পরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে।
খবর পেয়ে শিবদাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
পুলিশ এলাকাটি ঘিরে রেখে প্রাথমিক তদন্ত চালাচ্ছে। ঘটনাস্থল থেকে কোনও গুলির খোল উদ্ধার হয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশের পুলিশ সূত্রে জানা গিয়েছে, আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। কী কারণে এই গুলিচালনার ঘটনা, এর পিছনে কোনও ব্যবসায়িক বা ব্যক্তিগত শত্রুতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখছে শিবদাসপুর থানার পুলিশ।