নারায়ণগড়ে প্রচারে বাধার অভিযোগ ঘিরে উত্তেজনা, পথ অবরোধে বিক্ষোভ
পশ্চিম মেদিনীপুর: বিজেপির নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল নারায়ণগড়ে। ঘটনাটি ঘটে জেলার ১৬ নম্বর হেমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পাইখোলা এলাকায়।
অভিযোগ, ওই এলাকায় প্রচার চালানোর সময় বিজেপি প্রার্থী রমাপ্রসাদ গিরির কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস সমর্থিত কয়েকজন গ্রামবাসী বাধা দেন। এর প্রতিবাদে বিজেপি প্রার্থীকে সামনে রেখে দলীয় কর্মী-সমর্থকেরা বেলদা থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হন।
বিক্ষোভ চলাকালীন রাস্তার উপর টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখানো হয়, ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় বলে জানা গিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন।