নাকা চেকিংয়ে ৯ লক্ষ টাকা উদ্ধার, আটক ১

Mar 20, 2026 - 11:29
 51
নাকা চেকিংয়ে ৯ লক্ষ টাকা উদ্ধার, আটক ১

প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। তারই অংশ হিসেবে বারুইপুর জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে জোরদার নাকা চেকিং চালানো হচ্ছে। বুধবার রাতে বারুইপুর থানার পক্ষ থেকে জয়াতলা এলাকায় বিশেষ নাকা চেকিং অভিযান চালানো হয়। চেকিং চলাকালীন এক বাইক আরোহীর গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তাঁকে থামায়। এরপর তাঁর বাইক ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে পুলিশ। তল্লাশির সময় ওই ব্যাগ থেকে প্রায় ৯ লক্ষ টাকা উদ্ধার হয়, যা দেখে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

             আটক ব্যক্তির নাম সামাদ আলী সরদার। তিনি জয়নগর থানার তিলপি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে। প্রাথমিকভাবে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমাণ নগদ টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।

                 পুলিশ সূত্রে আরও জানা গেছে, নির্বাচনকে ঘিরে যাতে কোনও অবৈধ লেনদেন বা অর্থ পরিবহন না হয়, সেই কারণেই এই ধরনের কড়া নজরদারি চালানো হচ্ছে। আগামী দিনগুলিতেও এই নাকা চেকিং আরও জোরদার করা হবে এবং প্রতিটি গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড়ে নজরদারি বাড়ানো হবে বলে জানিয়েছে পুলিশ।