নন্দীগ্রামে অবৈধ নির্মাণে বুলডোজার, গৃহহারা চার পরিবার
পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভার বয়াল-২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তৃতীয় খণ্ড জলপাই এলাকায় হাইকোর্টের নির্দেশে অবৈধ নির্মাণ ভাঙার অভিযান চালালো প্রশাসন। প্রশাসনিক দপ্তরের বিভিন্ন আধিকারিক ও পুলিশের উপস্থিতিতে প্রায় ৩০ থেকে ৩৫ বছর ধরে বসবাসকারী চারটি পরিবারের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিবারগুলি দীর্ঘদিন ধরে সেচ দপ্তরের জমিতে বসবাস করছিল। সেচ দপ্তরের দাবি, একাধিকবার নোটিশ দেওয়া সত্ত্বেও ওই পরিবারগুলি স্থানান্তরিত না হওয়ায় শেষ পর্যন্ত হাইকোর্টের নির্দেশ মেনে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
গৃহহারা শেখ নজরুল ইসলাম অভিযোগ করেন, কোনও লিখিত নোটিশ না দিয়েই গতকাল বিকেলে নন্দীগ্রাম থানা-র আধিকারিকরা মৌখিকভাবে বাড়ি খালি করার কথা জানান। এরপর আজ আচমকাই বাড়ি ভেঙে দেওয়া হয়। হঠাৎ করে মাথার উপর ছাদ হারিয়ে পরিবার নিয়ে কোথায় রাত কাটাবেন, তা ভেবে দিশেহারা হয়ে পড়েছেন তিনি।
অন্যদিকে, সেচ দপ্তরের
আধিকারিকদের বক্তব্য, সরকারি জমি দখল করে দীর্ঘদিন ধরে বসবাস করা হলেও আইন মেনেই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এখন প্রশ্ন উঠছে, সদ্য গৃহহারা এই পরিবারগুলির পুনর্বাসনের ব্যবস্থা কী হবে এবং তারা কোথায় গিয়ে আশ্রয় নেবে।