নদীতে স্নান করতে নেমে নিখোঁজ দুই নাবালক, চাঞ্চল্য পুরাতন মালদায়
পুরাতন মালদায় নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে গেল দুই নাবালক। বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ঘটনাটি ঘটে পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁসহাট এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিখোঁজদের মধ্যে একজন অর্পণ সরকার (১০)। তার বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি এলাকায়। সে বাগানপাড়ায় তার মামা মহাদেব হালদারের বাড়িতে বেড়াতে এসেছিল। অপর নাবালকের নাম বাসুদেব হালদার (৮)। তার বাড়ি সংশ্লিষ্ট এলাকাতেই।
জানা গিয়েছে, এদিন দুপুরে কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে নামে তারা। সেই সময় আচমকাই নদীর জলে তলিয়ে যায় দুই নাবালক। সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে নামেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় নদীতে জোরকদমে খোঁজ চালানো হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ দুই নাবালকের সন্ধান মেলেনি।
এই মর্মান্তিক ঘটনায় দুই পরিবারের উপর নেমে এসেছে গভীর শোকের ছায়া। পাশাপাশি গোটা এলাকায় আতঙ্ক ও উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে।