দুঃসাহসিক চুরির কিনারা করল এনজেপি থানার পুলিশ, গ্রেফতার এক

May 13, 2026 - 12:35
 11
দুঃসাহসিক চুরির কিনারা করল এনজেপি থানার পুলিশ, গ্রেফতার এক

শিলিগুড়ি:

দুঃসাহসিক চুরির ঘটনায় সাফল্য পেল এনজেপি থানার পুলিশ। ঘটনায় এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।

জানা গিয়েছে, শিলিগুড়ি ৩১ নম্বর ওয়ার্ডের শীতলাপাড়ার বাসিন্দা চন্দন সাহা সম্প্রতি ব্যাংক থেকে লক্ষাধিক টাকা তুলে বাড়িতে রেখেছিলেন কাউকে পেমেন্ট করার উদ্দেশ্যে। অভিযোগ, সেই বিষয়টি টের পেয়ে যায় চোরের দল।

গত ২০ এপ্রিল গভীর রাতে বাড়ির সকলের ঘুমের সুযোগ নিয়ে নগদ টাকা সহ প্রায় ৯ ভরি সোনা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনার পর এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চন্দন সাহা।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে এনজেপি থানার সাদা পোশাকের পুলিশ। তদন্ত চলাকালীন আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। অবশেষে গত ১০ মে, রবিবার চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কুখ্যাত দুষ্কৃতী দীপক দাস ওরফে 'ক্ষ্যাপা'-কে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে খবর, জেরায় অভিযুক্ত চুরির ঘটনার কথা স্বীকার করলেও এখনও পর্যন্ত তার কাছ থেকে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়নি।

ঘটনার তদন্ত এগিয়ে নিয়ে যেতে ধৃতকে সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানাবে এনজেপি থানার পুলিশ।