দিল্লি জল বোর্ডে দুর্নীতির অভিযোগে গ্রেফতার প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র
আবার গ্রেফতার হলেন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা সত্যেন্দ্র জৈন। মঙ্গলবার তাঁকে গ্রেফতার করা হল দিল্লি জল বোর্ডের দরপত্রে দুর্নীতির অভিযোগে।প্রায় ১ কোটি ৫২ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে সত্যেন্দ্রকে। তাঁর বিরুদ্ধে ঘুষ নেওয়া, বিশ্বাসভঙ্গ, প্রতারণা, ষড়যন্ত্র-সহ একাধিক মামলায় অভিযোগ দায়ের করা হয়েছে। সত্যেন্দ্রের সঙ্গে গ্রেফতার করা হয়েছে বোর্ডের প্রাক্তন সিইও উদিত প্রকাশ রাই, প্রাক্তন পরামর্শদাতা অজিত শ্রীবাস্তব ও আরও তিন জনকে।আপ নেতার গ্রেফতার প্রসঙ্গে বিজেপিকে নিশানা করে মুখ খুলেছেন কেজরীবাল। তাঁর দাবি, মিথ্যে অভিযোগে গ্রেফতার করা হয়েছে সত্যেন্দ্রকে। আগের মামলার মতোই এই মামলাও সাজানো। কেজরীবালের প্রশ্ন, মিথ্যে মামলায় কারাবাস ও মানসিক হেনস্থার দায় কে নেবে? সরকার সমস্ত সীমা অতিক্রম করেছে দাবি করে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীর দাবি, বিজেপি এ বার ক্ষমতা হারাবে।এর আগে হাওয়ালা মারফত বেআইনি টাকা লেনদেনের অভিযোগে ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন সত্যেন্দ্র। এ বার তিনি গ্রেফতার হলেন ২০২৪ সালে দায়ের হওয়া জল বোর্ডের দরপত্রে দুর্নীতি সম্পর্কিত একটি মামলার সূত্রে।