দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের ঠাকুরাণীবেড়িয়ায় গাছে ঝুলন্ত অবস্থায় যুবকের দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং: এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের ঠাকুরাণীবেড়িয়া এলাকায় গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়। মৃতের নাম ঝন্টু মণ্ডল (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বারো বছর আগে পিংকি মণ্ডলের সঙ্গে বিয়ে হয়েছিল ঝন্টুর। তাঁদের দুই সন্তান রয়েছে। পিংকি কলকাতায় পরিচারিকার কাজ করতেন। বুধবার সন্ধ্যা থেকেই ঝন্টু নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি।
বৃহস্পতিবার ভোরে স্থানীয় বাসিন্দারা বাড়ির অদূরে একটি গাছে গামছার ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় তাঁকে দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পর দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ঘটনা প্রসঙ্গে প্রতিবেশী রবীন নস্কর জানিয়েছেন, ঝন্টু মণ্ডল নাকি দীর্ঘদিন ধরেই অতিরিক্ত মদ্যপান করতেন এবং মানসিকভাবে অবসাদগ্রস্ত ছিলেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।