তমলুক: যুদ্ধের প্রভাব রান্নার গ্যাসে, বর্গভীমা মন্দিরে ভক্তদের জন্য ভোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ
তমলুক: ইরান-আমেরিকার চলমান যুদ্ধের প্রভাব সরাসরি দেশে এবং জেলার হোটেল ও ধর্মীয় প্রতিষ্ঠানে পড়েছে। বাণিজ্যিক গ্যাসের সংকটের কারণে তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ ঘোষণা করেছেন যে, আগামী ২১ মার্চের পর থেকে সাধারণ ভক্তদের জন্য মায়ের ভোগ প্রদান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
বর্গভীমা মন্দির সতীর ৫১ পীঠের একটি, যেখানে প্রতিদিন ভক্তদের ও মায়ের জন্য ভোগের ব্যবস্থা থাকে। মন্দির কর্তৃপক্ষের শিবাজী অধিকারী জানান, যারা ইতিমধ্যেই ভোগের জন্য বুকিং করেছেন, তাদেরও ফোনের মাধ্যমে জানানো হচ্ছে গ্যাস সংকটের কারণে ভোগ বিতরণ করা সম্ভব হচ্ছে না। মন্দিরের পক্ষ থেকে বলা হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় ভক্তদের জন্য প্রসাদ প্রদান শুরু হবে।
স্থানীয় পূর্ণার্থীরা শুভ্রা গাঙ্গুলী, মিঠু কান্ডার ও বন্দনা মুখার্জি জানান, “আমরা অনেক দূর থেকে আশা নিয়ে মায়ের ভোগের জন্য আসি। যদি ভোগ না পাই, আমরা নিরাশ হয়ে বাড়ি ফিরব। দ্রুত রান্নার গ্যাসের সমস্যা সমাধান করে ভোগের ব্যবস্থা করা হোক।”
মন্দির কর্তৃপক্ষ ইতিমধ্যেই পরিস্থিতি মোকাবেলায় তৎপর এবং আশা করা হচ্ছে শিগগিরই ভোগ পুনরায় চালু করা সম্ভব হবে।