ঝড়-বৃষ্টির দাপট বাড়ছে, গণনার দিনেও দুর্যোগের আশঙ্কা: আবহাওয়া দফতর

May 3, 2026 - 13:41
 14
ঝড়-বৃষ্টির দাপট বাড়ছে, গণনার দিনেও দুর্যোগের আশঙ্কা: আবহাওয়া দফতর

কলকাতা: দক্ষিণবঙ্গে ফের ঝড়-বৃষ্টির দাপট বাড়তে চলেছে বলে জানালেন আবহাওয়া বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য।

শনিবারের সাংবাদিক বৈঠকে তিনি জানান, রবিবার ও সোমবার কালবৈশাখী, শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎসহ প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জেরে গণনা পর্বও কিছু ক্ষেত্রে বিঘ্নিত হতে পারে। বিশেষ করে মালদহ জেলায় বেশি প্রভাব পড়ার আশঙ্কা।

শনিবার সন্ধ্যার পর থেকেই পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে।

রবিবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়বে। বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে কালবৈশাখীর সতর্কতা জারি হয়েছে, যেখানে হাওয়ার গতি ৫০-৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও ৪০-৫০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

গণনার দিন সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় দুর্যোগ আরও তীব্র হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সব জেলাতেই ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

মঙ্গলবারও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও সোমবারের তুলনায় কিছুটা কমবে। বুধবার ও বৃহস্পতিবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও ঝোড়ো হাওয়ার প্রবণতা কমে যাবে এবং আবহাওয়া ধীরে ধীরে শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু এলাকায় ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কলকাতায় রবিবার থেকে মেঘলা আকাশ ও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা বাড়বে। সোমবার কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দুপুরের পর থেকে রাতের মধ্যে দুর্যোগের আশঙ্কা বেশি। এতে গণনার কাজে কিছুটা বিঘ্ন ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।