চৈত্রে কুয়াশার চাদর, জলপাইগুড়িতে ঋতুর অদ্ভুত মেলবন্ধন
জলপাইগুড়ি: চৈত্রের সকালে কুয়াশার চাদরে ঢেকে গেল জলপাইগুড়ি। ভোের থেকেই শহর ও সংলগ্ন এলাকায় নেমে আসে হালকা শীতের আমেজ, যা এই সময়ের জন্য বেশ অস্বাভাবিক বলেই মনে করছেন বাসিন্দারা।
গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি জুড়ে দেখা গিয়েছে বৃষ্টির দাপট। তার জেরে আলুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। সাধারণত চৈত্র মাসে মাঝে মধ্যে ঝড়-বৃষ্টি হলেও এভাবে টানা বৃষ্টি খুব একটা দেখা যায় না বলেই জানাচ্ছেন স্থানীয়রা।
তবে বৃষ্টির পরই গতকাল দিনভর ছিল প্রখর রোদের দাপট। আর তার পরদিনই শুক্রবার ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় গোটা এলাকা। জলপাইগুড়ি থেকে বোদাগঞ্জ যাওয়ার রাজ্য সড়কে কুয়াশার দাপট এতটাই ছিল যে দৃশ্যমানতা অনেকটাই কমে যায়। হালকা ঠান্ডা হাওয়া মিলিয়ে যেন চৈত্র মাসে শীতের আবহ ফিরে এসেছে।
প্রতিদিনের মতো সকালের ভ্রমণে বের হওয়া মানুষজনও বিভ্রান্ত-এখন ঠিক কোন ঋতু চলছে, তা বোঝা দায়। বসন্তের সময়েই যেন শীত, গ্রীষ্ম ও বর্ষার একসঙ্গে উপস্থিতি অনুভব করছেন তাঁরা।
এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের শেষে রোদের দাপট থাকলেও আগামী সপ্তাহে ফের ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়িতে। ফলে আবহাওয়ার এই অস্থিরতা আরও কিছুদিন চলতে পারে বলেই আশঙ্কা।