চন্দ্রকোনায় আবারও আলুচাষীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

Mar 24, 2026 - 09:32
 15
চন্দ্রকোনায় আবারও আলুচাষীর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায় ফের এক আলুচাষীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের ঝাড়ুল গ্রামের বাসিন্দা ৩৬ বছর বয়সি হরিপদ বাগের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও এলাকায়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিপদ বাগ ছিলেন এক ভূমিহীন ভাগচাষী। ভাগে প্রায় তিন বিঘে জমিতে আলু চাষ করেছিলেন তিনি। কিন্তু একদিকে আলুর বাজারদর কম, অন্যদিকে টানা তিন দিনের বৃষ্টিতে জমিতেই পড়ে থাকে ফসল। ফলে আলু তুলতে না পেরে চরম দুশ্চিন্তায় ভুগছিলেন তিনি। এই নিয়ে তিনি স্থানীয়দের কাছেও নিজের সমস্যার কথা জানিয়েছিলেন।

পরিবারের দাবি, অতিরিক্ত মানসিক চাপের জেরেই আচমকা হৃদরোগে আক্রান্ত হন হরিপদ। রবিবার সন্ধ্যার দিকে শারীরিক অসুস্থতা দেখা দিলে তাঁকে তড়িঘড়ি ঘাটাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রাতেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে, পাশাপাশি রাজনৈতিক তরজাও শুরু হয়েছে।

এদিকে চন্দ্রকোনা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলই জানিয়েছেন, তাঁদের দল পরিবারের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা করা হবে।