গো হত্যা বন্ধ ও গরুকে জাতীয় পশুর স্বীকৃতির দাবিতে সরব ইমাম-মোয়াজ্জেনরা, স্বরূপনগর ব্লক অফিসে বিক্ষোভ
উত্তর ২৪ পরগনার স্বরূপনগর ব্লক অফিসে এক ভিন্ন ছবি সামনে এল। গো হত্যা বন্ধ এবং গরুকে জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব হলেন ইমাম ও মোয়াজ্জেনরা। ব্লক অফিসের ভেতরেই স্লোগান তুলে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় তাঁদের।
জানা গিয়েছে, বৃহস্পতিবার স্বরূপনগর ব্লক অফিসে ইমাম ও মোয়াজ্জেনদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করে ব্লক প্রশাসন। সভায় উপস্থিত ছিলেন ব্লক আধিকারিক, পুলিশ প্রশাসনের আধিকারিক এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব। মূলত গো হত্যা সংক্রান্ত সরকারি নির্দেশিকা এবং আইন নিয়ে আলোচনা করতেই এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।
সভায় সরকারি আধিকারিকরা ইমাম ও মোয়াজ্জেনদের সামনে গো হত্যা নিয়ে সরকারি নিয়ম ও আইন স্পষ্টভাবে তুলে ধরেন। পাশাপাশি আইন অমান্য করলে কী ধরনের প্রশাসনিক ও আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে, তাও বিস্তারিতভাবে জানানো হয়।
এরপরই সভা শেষে একত্রিত হয়ে ইমাম ও মোয়াজ্জেনরা স্লোগান দিতে শুরু করেন। তাঁদের দাবি, গো হত্যা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং গরুকে জাতীয় পশুর স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি যারা গো হত্যা করবে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।
এছাড়াও কুরবানির সময় ছাগল জবাইয়ের ভিডিও ও ছবি সংরক্ষণ করে রাখার পরামর্শ দেন তাঁরা, যাতে ভবিষ্যতে কোনও বিভ্রান্তিকর প্রচার না ছড়ায়। একই সঙ্গে যাঁরা আগে থেকেই গরু কিনে ফেলেছেন, তাঁদের জন্য সরকার যেন ক্ষতিপূরণের ব্যবস্থা করে, সেই দাবিও তোলা হয় সভা থেকে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।