কোন্নগরে বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হল টোল আদায়ের অফিস

May 23, 2026 - 13:13
 7
কোন্নগরে বুলডোজার অভিযান, ভেঙে দেওয়া হল টোল আদায়ের অফিস

কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাসে টোল আদায়কে কেন্দ্র করে এবার বড় পদক্ষেপ নেওয়া হল। বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হল টোল আদায়ের অফিস। ঘটনাস্থলে উপস্থিত থেকে পুরো অভিযান তদারকি করেন উত্তরপাড়ার বিজেপি বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী।

জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কোন্নগর রেল স্টেশনের আন্ডারপাসে টোল গেট বসিয়ে টাকা তোলা হচ্ছিল। বিজেপি বিধায়ক নির্বাচিত হওয়ার পর দীপাঞ্জন চক্রবর্তী কোন্নগর পুরসভায় গিয়ে টোল আদায়ের অনুমতি সংক্রান্ত নথি দেখতে চান। তাঁর অভিযোগ, পুরসভা কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেনি।

বিধায়কের দাবি, ২০০৮ সালে আন্ডারপাসে টোল আদায়ের জন্য লিজ দেওয়া হলেও পরে সেই অনুমোদনের আর কোনও নবীকরণ করা হয়নি। এরপরও দীর্ঘদিন ধরে টোল আদায় চলছিল।

সম্প্রতি অনুমোদনহীন সমস্ত টোল বন্ধ করার নির্দেশ দেয় রাজ্য সরকার। সেই নির্দেশের ভিত্তিতেই আন্ডারপাসে টোল আদায় বন্ধ করতে পুলিশকে জানান বিধায়ক। এরপর বৃহস্পতিবার বুলডোজার চালিয়ে আন্ডারপাসের সামনে থাকা টোল আদায়ের অফিস ভেঙে ফেলা হয়।

এদিন দীপাঞ্জন চক্রবর্তী বলেন, "উত্তরপাড়ায় বেআইনি কোনও কাজ বরদাস্ত করা হবে না। বেআইনি টোল, পার্টি অফিস বা বাড়ি- যাই হোক না কেন, সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"

অন্যদিকে কোন্নগর পুরসভার চেয়ারম্যান স্বপন দাস জানান, ২০০০ সালে রেল ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে কোন্নগর স্টেশনের এই আন্ডারপাস তৈরি হয়েছিল। পরে এটি দেখভালের দায়িত্ব জেলা পরিষদ কোন্নগর পুরসভার হাতে তুলে দেয়।

তিনি আরও বলেন, "বেআইনি টোল বন্ধের নির্দেশ জারি হওয়ার পর জেলা পরিমদের কাছে লিখিত নির্দেশিকা বন্ধের নির্দেশ জারি হওয়ার পর জেলা পরিষদের কাছে লিখিত নির্দেশিকা চাওয়া হয়েছিল, তবে এখনও পর্যন্ত তা হাতে আসেনি। ২০০৮ সাল থেকে এখানে টোল আদায় চলছে। ২০২২ সাল পর্যন্ত বছরে ১২ হাজার টাকা করে পুরসভা পেত। গত তিন বছরে সেই পরিমাণ বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। আন্ডারপাসে জল জমা ও পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য পুরসভাকে নিয়মিত কর্মী নিয়োগ করতে হয়।"

তবে সরকারের নির্দেশ মেনেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।