কালিবাজারে দুঃসাহসিক চুরি!দোকানের ছাউনি কেটে লুঠ নগদ টাকা*

Feb 17, 2026 - 22:12
 2
কালিবাজারে দুঃসাহসিক চুরি!দোকানের ছাউনি কেটে লুঠ নগদ টাকা*

অমিত মণ্ডল, গঙ্গাসাগর: দোকানের অ্যাসবেস্টরের ছাউনি কেটে ভেতরে ঢুকে ক্যাশ বাক্স সাফ করে চম্পট দিয়েছে একদল দুষ্কৃতী। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার সাগর কোস্টাল থানার অন্তর্গত কালিবাজারের জনবহুল এলাকায় অবস্থিত একটি দোকানে চুরির ঘটনা ঘটে। গতকাল রাতে দোকান বন্ধ করে বাড়ি গিয়েছিলেন মালিক। মঙ্গলবার সকালে দোকান খুলতেই তিনি দেখেন, চারদিকে মালপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। উপরে তাকিয়ে দেখেন, দোকানের চালের অ্যাসবেস্টরের অংশটি কাটা। তখনই তাঁর বুঝতে বাকি থাকে না যে রাতে সেখানে চোরের দল হানা দিয়েছিল।

দোকান মালিকের দাবি, ক্যাশ বাক্সে থাকা নগদ প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। দোকানের অন্যান্য দামি জিনিসের ওপর হাত না দিলেও কেবলমাত্র নগদ টাকার লক্ষ্যেই এই অপারেশন চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। সাত সকালে এমন জনবহুল বাজারে চুরির খবর চাউর হতেই সেখানে ভিড় জমান স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সাগর কোস্টাল থানার পুলিশ। পুলিশ আধিকারিকরা দোকানের ভেতর ও চারপাশ খতিয়ে দেখেন। সিসিটিভি ক্যামেরা থাকা সত্ত্বেও কীভাবে দুষ্কৃতীরা এই কাজ করল, তা ভাবাচ্ছে প্রশাসনকে।

সাগর কোস্টাল থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। চোরদের শনাক্ত করতে আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।