কানাইপুরে সিপিআইএম কর্মী বাবা-ছেলে আক্রান্ত, উত্তেজনা এলাকায়

Apr 2, 2026 - 10:50
 9
কানাইপুরে সিপিআইএম কর্মী বাবা-ছেলে আক্রান্ত, উত্তেজনা এলাকায়

কানাইপুর: বাড়ির সামনে মদ্যপ অবস্থায় হল্লা করার প্রতিবাদ করায় সিপিআইএম কর্মী বাবা ও ছেলেকে মারধরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল কানাইপুরের আদর্শনগর এলাকায়। ঘটনায় গুরুতর জখম দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, আদর্শনগরের বাসিন্দা সিপিআইএম কর্মী সুশীল দাস বাড়ির সামনে মদ্যপদের সরে যেতে বললে তাদের সঙ্গে বচসা বাধে। অভিযোগ, এরপরই সুশীল দাসের উপর চড়াও হয়ে মারধর করা হয়। কিছুক্ষণ পর তাঁর ছেলে সঞ্জীব দাস বাড়ি ফিরলে তাকেও বাড়িতে ঢুকে মারধর করা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কানাইপুর ফাঁড়ির পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আহত বাবা-ছেলেকে প্রথমে কানাইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এদিকে, ঘটনার খবর পেয়ে কানাইপুর ফাঁড়ির সামনে জড়ো হন সিপিআইএম কর্মী-সমর্থকেরা এবং বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ, হামলাকারীরা টোটোচালক এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত।

তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বজায় রয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।