কাজ শেষ, তবু মেলেনি টাকা! এগরায় ঠিকাদারদের ক্ষোভ তুঙ্গে
এগরা, পূর্ব মেদিনীপুর: কাজ সম্পূর্ণ হলেও প্রাপ্য টাকা না পাওয়ায় চরম সংকটে পড়েছেন ঠিকাদারেরা। 'আমাদের পাড়া আমাদের সমাধান' প্রকল্পে রাস্তা নির্মাণ, নিকাশি ব্যবস্থা, পথবাতি ও সাব-মার্সিবল পাম্প বসানোর মতো একাধিক উন্নয়নমূলক কাজ শেষ হলেও, কয়েক কোটি টাকার বিল আটকে থাকায় ক্ষোভে ফুঁসছেন তাঁরা।
জানা গেছে, এগরা-২ ব্লকে ২০২৫-২৬ অর্থবর্ষে ফেব্রুয়ারি ও মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই কাজ শেষ করেন ঠিকাদারেরা। নিয়ম মেনে মার্চের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ব্লক অফিসে বিল জমা দেওয়া হয়। অভিযোগ, তৎকালীন বিডিও সংকলিতা চন্দ্র সেই বিলগুলি পাশ করেননি।
ঠিকাদারদের দাবি, মার্চের শেষ সপ্তাহে জমা দেওয়া কিছু বিল মঞ্জুর হলেও আগের বিলগুলি এখনও আটকে রয়েছে। এতে প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন তাঁরা।
নির্বাচন ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে ওই বিডিওর বদলি হয়েছে। নতুন বিডিওর কাছে প্রায় ১৫ জন ঠিকাদার তাঁদের বকেয়া মেটানোর আবেদন জানিয়েছেন। ইতিমধ্যেই সাতজন ঠিকাদার মহকুমাশাসক ও জেলাশাসকের কাছেও লিখিত অভিযোগ জমা দিয়েছেন।
ঠিকাদার খোকন দাস বলেন, "সময়ের মধ্যে বিল জমা দেওয়ার পরও তা পাশ হয়নি, অথচ পরে জমা দেওয়া বিলের টাকা দেওয়া হয়েছে। আমরা ঋণের চাপে দিশেহারা হয়ে পড়েছি।"
এই অবস্থায় মহাজনদের চাপ ও ব্যাঙ্কের ঋণ খেলাপির নোটিসে আরও বিপাকে পড়েছেন ঠিকাদারেরা।
এ বিষয়ে এগরা মহকুমাশাসক কর্মবীর কেশব জানিয়েছেন, "বিডিওকে দ্রুত বিল মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেন বিল আটকে আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।"
এখন প্রশাসনের আশ্বাসের পর কবে ঠিকাদারদের প্রাপ্য টাকা মিটবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলেই।