এসআইআর তালিকায় নাম বাদ কেন? কারণ জানতে গিয়ে বিডিও অফিসে বি এল ও-কে ধমক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

সুতাহাটায় ১৩ জনের ফর্ম-৬ জমা, একযোগে ১০ জনের আবেদন বাতিলের বার্তা—এ ই আর ও-র সঙ্গে তীব্র বাদানুবাদ

Feb 23, 2026 - 10:15
 0
এসআইআর তালিকায় নাম বাদ কেন? কারণ জানতে গিয়ে বিডিও অফিসে বি এল ও-কে ধমক, ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

পূর্ব মেদিনীপুরের হলদিয়া বিধানসভার অন্তর্গত সুতাহাটা এলাকায় এসআইআর তালিকা ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, নতুন ভোটার হিসেবে ১৩ জনের ফর্ম-৬ জমা পড়ার পর তাঁদের মধ্যে ১০ জনের আবেদন একযোগে বাতিল হয়েছে। কারণ জানতে গিয়ে বি এল ও-র সঙ্গে এ ই আর ও-র তীব্র বাদানুবাদের ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে।

জানা গেছে, সুতাহাটার ১৫৩ নম্বর বুথের কুমারচক এলাকার ১৩ জন নতুন ভোটারের ফর্ম-৬ জমা করেন বি এল ও সঞ্জয় মিদ্যা। তাঁর মাধ্যমে ফর্মগুলি দপ্তরে জমা পড়ে। পরে সংশ্লিষ্ট ১০ জন আবেদনকারী ফোনে বাতিল সংক্রান্ত বার্তা পান এ ই আর ও-র দপ্তর থেকে।

বাতিলের কারণ জানতে সঞ্জয় মিদ্যা সুতাহাটা বিডিও অফিসে উপস্থিত হন। সেখানে তিনি এ ই আর ও তথা ব্লকের বিপর্যয় মোকাবিলা দপ্তরের আধিকারিক সৃজিত কুমার মিশ্রের সঙ্গে কথা বলতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। বি এল ও-র দাবি, কারণ জানতে চাওয়ায় এ ই আর ও রীতিমতো মারমুখী আচরণ করেন। বাতিল হওয়া ফর্ম নিয়ে দু’পক্ষের মধ্যে তীব্র বাদানুবাদ হয়।

ঘটনার একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে জোর চর্চা। প্রশাসনের তরফে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও মেলেনি। তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলেও চাপানউতোর শুরু হয়েছে।