উত্তর ২৪ পরগনায় জমি বিবাদের জেরে ভাইকে মারধর, আহত যুবক হাসপাতালে

Mar 7, 2026 - 10:08
 8
উত্তর ২৪ পরগনায় জমি বিবাদের জেরে ভাইকে মারধর, আহত যুবক হাসপাতালে

বসিরহাট, নিজস্ব সংবাদদাতা: জমি সংক্রান্ত বিবাদের জেরে দাদার হাতে মারধরের শিকার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার পূর্ব খেজুরবেড়িয়া এলাকায়। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে টাকি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত যুবকের নাম সন্তু প্রামাণিক। অভিযোগ, শনিবার রাতে কলকাতা থেকে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় রাস্তায় তাঁর সম্পর্কে দাদা বিশ্বজিৎ প্রামাণিক সহ আরও তিনজন তাঁকে আটকায়। এরপর আগ্নেয় অস্ত্র দেখিয়ে এবং লোহার রড দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।

সন্তুর চিৎকারে আশপাশের মানুষ ও পরিবারের লোকজন ছুটে এলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় সন্তুকে উদ্ধার করে পরিবারের সদস্যরা টাকি গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে।

আহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। সেই কারণেই এই হামলা হয়েছে বলে অভিযোগ। ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সন্তু প্রামাণিক ও তাঁর পরিবারের সদস্যরা।