ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, মহিলা ও শিশু-সহ অন্তত ১৬ জন নিহত

Aug 23, 2026 - 11:35
 17
ইউক্রেনের শপিং মলে রাশিয়ার ড্রোন হামলা, মহিলা ও শিশু-সহ অন্তত ১৬ জন নিহত

রুশ ফৌজের ড্রোন হামলার শিকার হল মধ্য ইউক্রেনের শহর ক্রিভি রিহ। সেখানকার একটি শপিং মলে শুক্রবার রাতে (ভারতীয় সময়) ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা চালানো হয়। এর ফলে মহিলা ও শিশু-সহ অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহতের সংখ্যা ১৩০-এরও বেশি।ডিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের প্রশাসনিক প্রধান আলেকজ়ান্ডার হানঝা শনিবার জানিয়েছেন, হামলার সময় ওই শপিং মলে থাকা ন’জন এখনও নিখোঁজ। সম্ভবত তাঁরা ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন। প্রসঙ্গত, ‘ডাবল ট্যাপ’ ড্রোন হামলা হল একটি বিশেষ সামরিক কৌশল। এই পদ্ধতিতে প্রথম বার ড্রোন হামলা চালানোর কিছুক্ষণ পর ঠিক একই স্থানে দ্বিতীয় হামলাটি চালানো হয়। প্রথম হামলায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে আসা উদ্ধারকর্মী, চিকিৎসক ও সাধারণ মানুষ যখন ঘটনাস্থলে জড়ো হন, তখন দ্বিতীয় হামলাটি চালানো হয়।এর ফলে হতাহতের সংখ্যা সাধারণ ভাবে অনেক বেশি হয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি বলেন, ‘‘দিনের বেলায় জনাকীর্ণ শহরে চালানো এই হামলা নিন্দনীয় ও জঘন্য।’’ তাঁর দাবি, প্রথম হামলার পর যখন দমকল ও জরুরি পরিষেবাকর্মীরা ঘটনাস্থলে উদ্ধারের কাজ চালাচ্ছিলেন, তখন দ্বিতীয় হামলা চালানো হয়। সংবাদমাধ্যমে প্রচারিত একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, আগুনে জ্বলতে থাকা শপিং মলে দ্বিতীয় একটি ড্রোন হামলা চালাচ্ছে। শুক্রবারই দক্ষিণ ইউক্রেনের মাইকোলিভ অঞ্চলে রুশ সেনার দু’টি পৃথক হামলায় চারজন নিহত হওয়ার খবর মিলেছে। নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রুশ বাহিনীর হামলার শিকার হয়েছেন দুই সাধারণ ইউক্রেনীয় নাগরিক।