পদত্যাগ করলেন ট্রাম্পের প্রেস সচিব লেভিট

Aug 14, 2026 - 12:40
 12
পদত্যাগ করলেন ট্রাম্পের প্রেস সচিব লেভিট

পদত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট। দুই শিশুসন্তানকে সময় দিতে চান ২৮ বছর বয়সি এই মার্কিন আধিকারিক। সেই কারণেই পদত্যাগের সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।লেভিট ট্রাম্পের ‘অত্যন্ত আস্থাভাজন’ আধিকারিক হিসেবেই পরিচিত ছিলেন। হোয়াইট হাউস থেকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প প্রশাসনের পক্ষে সওয়াল করতেন তিনি। মার্কিন সংবাদমাধ্যমের সমালোচনার জবাবও দিতেন। আমেরিকার ইতিহাসে লেভিটই ছিলেন হোয়াইট হাউসের সর্বকনিষ্ঠ প্রেস সচিব। ২০২৫ সালের জানুয়ারি মাসে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় বার হোয়াইট হাউসের বাসিন্দা হওয়ার পর ২৬ বছর বয়সি লেভিটকে প্রেস সচিবের দায়িত্ব দেওয়া হয়।গত মে মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেন লেভিট। তার পর থেকে বেশ কয়েকদিন তিনি মাতৃত্বকালীন ছুটি নিয়েছিলেন। সম্প্রতি ফের কাজে যোগ দেন। ইস্তফার পর লেভিট সমাজমাধ্যমে দীর্ঘ একটি পোস্ট করে জানিয়েছেন, তিনি যে ভাবে মাতৃত্ব উপভোগ করতে চান, গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালনের সঙ্গে তা সম্ভব নয়। তাই এই দুয়ের মধ্যে ভারসাম্য রাখতেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। প্রেস সচিব হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য ট্রাম্প প্রশাসনকে ধন্যবাদ জানান লেভিট।তবে প্রেস সচিবের পদ থেকে ইস্তফা দিলেও ট্রাম্পের যোগাযোগ সংক্রান্ত বিভাগের পরামর্শদাতা হিসেবে কাজ করবেন লেভিট। লেভিটের পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে একটি পোস্ট করেন ট্রাম্পও। সেখানে লেভিটের প্রশংসা করে ট্রাম্প লেখেন, “উনি (লেভিট) হোয়াইট হাউসের একজন প্রকৃত নেতা ছিলেন। বিচার, স্বাধীনতা সুনিশ্চিত করতে উনি অসাধারণ লড়াই করেছেন।”