মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত
ঢাকা (বাংলাদেশ) থেকে বিশেষ প্রতিনিধি: বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত শুক্রবার বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির সভাপতিত্বে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে থাকা হাফিজ উদ্দিন আহমদ। শপথ অনুষ্ঠান শুরুর আগে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতির প্রবেশের সময় উচ্চস্বরে আগমনবার্তা দেওয়া হয়। একই সঙ্গে অর্কেস্ট্রার ঝংকারে বেজে ওঠে জাতীয় সংগীতের সুর। এ সময় প্রধানমন্ত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা জাতীয় সংগীত শেষ না হওয়া পর্যন্ত দাঁড়িয়ে সম্মান জানান। এরপর অনুষ্ঠান পরিচালনার জন্য মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি রাষ্ট্রপতির কাছে অনুমতি চান। রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার পর পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে শপথবাক্য পাঠ শেষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার হাতে থাকা ফোল্ডারে রাখা দুটি কাগজে স্বাক্ষর করেন। এর একটি মন্ত্রিপরিষদ বিভাগ সংরক্ষণ করবে এবং অপরটি রাষ্ট্রপতির ব্যক্তিগত সংগ্রহে রাখা হবে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে কয়েকজনকে শপথ বাক্য পাঠ করান। তারা হলেন, আবদুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পাচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব। এ মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হচ্ছে। এদিকে হুমায়ুন কবির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন।