আসানসোলে আবার তৃণমূল পার্টি অফিসে বুলডোজার, ভাঙল সেল কর্তৃপক্ষ
আসানসোলের নিউটাউন এলাকায় ফের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
সোমবার সকালে ৭৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূলের একটি পার্টি অফিস বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দেয় সেল কর্তৃপক্ষ।
অভিযোগ, সেল কর্তৃপক্ষের জমির উপর অবৈধভাবে ওই পার্টি অফিস নির্মাণ করা হয়েছিল। স্থানীয় সূত্রে দাবি, এলাকার কাউন্সিলর কাঞ্চন মুখার্জীর উদ্যোগেই অফিসটি তৈরি হয়েছিল। সোমবার সকালে সেল আধিকারিকরা ভারী যন্ত্র নিয়ে এলাকায় পৌঁছে পুরো পার্টি অফিস ভেঙে দেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনাস্থলে বহু মানুষের ভিড় জমে যায়।
অন্যদিকে, তৃণমূল কাউন্সিলর কাঞ্চন মুখার্জী জানান, জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাজ করার উদ্দেশ্যেই ওই অফিস তৈরি করা হয়েছিল। তাঁর দাবি, রবিবার সন্ধ্যায় সেল কর্তৃপক্ষ অফিস সরানোর কথা জানায়। তিনি কয়েকদিন সময় চেয়েছিলেন যাতে ভিতরে থাকা প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নেওয়া যায়। কিন্তু তার আগেই সোমবার সকালে বুলডোজার চালিয়ে অফিস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
তবে এই ঘটনায় তিনি কোনও সংঘাত বা বিতর্কে যেতে চান না বলেও জানান। কাঞ্চন মুখার্জীর বক্তব্য, উন্নয়নের স্বার্থে সরকার বা প্রশাসন যে সিদ্ধান্ত নেবে, তিনি তার পক্ষেই রয়েছেন। সেল কর্তৃপক্ষ বা সরকারের বিরুদ্ধে তাঁর কোনও অভিযোগ নেই বলেও স্পষ্ট করেন তিনি।