অসুস্থ পেঁচাকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন সাংবাদিক! বকখালি বনদপ্তরের হাতে বিরল পাখি তুলে দিয়ে প্রশংসিত অমিত

May 14, 2026 - 14:23
 0
অসুস্থ পেঁচাকে মৃত্যুর মুখ থেকে ফেরালেন সাংবাদিক! বকখালি বনদপ্তরের হাতে বিরল পাখি তুলে দিয়ে প্রশংসিত অমিত

নিজস্ব সংবাদদাতা, ফ্রেজারগঞ্জ:সংবাদ সংগ্রহের পাশাপাশি এবার এক অবলা জীবের প্রাণ বাঁচিয়ে নজির গড়লেন নামখানার পরিচিত মুখ তথা সাংবাদিক অমিত মণ্ডল। বুধবার বিকেলে ফ্রেজারগঞ্জের ক্লাবঘর বাসস্ট্যান্ড এলাকায় একটি অসুস্থ পেঁচাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে উদ্ধার করে বনদপ্তরের হাতে তুলে দিলেন তিনি। এদিন বিকেলে ক্লাবঘর বাসস্ট্যান্ডের কাছে একটি বড় পেঁচাকে ঘিরে ধরেছিল একঝাঁক ভিন্ন প্রজাতির পাখি ও কয়েকটি কুকুর। ক্রমাগত আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করছিল পেঁচাটি। প্রাণ বাঁচাতে গিয়ে হঠাতই পাশের একটি নয়ানজুলিতে পড়ে যায় পাখিটি। ঠিক সেই মুহূর্তেই এলাকা দিয়ে যাচ্ছিলেন সাংবাদিক অমিত মণ্ডল। দৃশ্যটি নজরে আসতেই দেরি না করে বন্ধুদের সহযোগিতায় নয়ানজুলি থেকে পেঁচাটিকে উদ্ধার করেন তিনি। দেখা যায়, পাখিটি অত্যন্ত পরিশ্রান্ত ও অসুস্থ হয়ে পড়েছে। পেঁচাটিকে উদ্ধার করার পরে অমিত বকখালি বনদপ্তরে যোগাযোগ করেন। ওই দিন সন্ধ্যায় বনদপ্তরের কর্মীদের হাতে পেঁচাটিকে সুরক্ষিতভাবে তুলে দেওয়া হয়। বনদপ্তর সূত্রে জানানো হয়েছে, সম্ভবত অসুস্থতার কারণে উড়তে না পেরে দিকভ্রষ্ট হয়ে পড়েছিল পাখিটি। বর্তমানে সেটিকে বনদপ্তরের নজরদারিতে রাখা হয়েছে। সুস্থ হয়ে গেলেই তাকে নিরাপদ প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দেওয়া হবে। একজন সাংবাদিক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি বন্যপ্রাণীর প্রতি এই মমতা দেখে এলাকাবাসী অমিতের ভূয়সী প্রশংসা করেছেন। বকখালি বনদপ্তরের কর্মীরাও অমিতের এই দ্রুত

পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।