অভিষেকের সভায় ভিড়, কোলাঘাটে উন্নয়নের প্রতিশ্রুতির ঝড়
কোলাঘাট: শুক্রবার পূর্ব পাঁশকুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী অসীম মাজির সমর্থনে কোলাঘাটের কেটিপিপি ময়দানে জনসভা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় উপস্থিত হয়ে কোলাঘাটবাসীর মন জয় করেন তিনি।
এদিনের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মবিশ্বাসের সঙ্গে জানান, পূর্ব পাঁশকুড়া বিধানসভায় তৃণমূলের জয় নিশ্চিত। পাশাপাশি কোলাঘাটবাসীর দীর্ঘদিনের সমস্যা সমাধানের আশ্বাসও দেন তিনি।
কোলাঘাট ও পাঁশকুড়া মূলত ফুল চাষের জন্য পরিচিত এলাকা, যেখানে হাজার হাজার মানুষ এই পেশার সঙ্গে যুক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে একটি আধুনিক হিমঘরের অভাব রয়েছে। ফলে ফুল বিক্রি না হলে চাষি ও ব্যবসায়ীদের ক্ষতির মুখে পড়তে হয়। এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন অভিষেক। একইসঙ্গে নদীর পাড় বাঁধ মেরামতির দাবিকেও অগ্রাধিকার দেওয়ার কথা জানান তিনি।
রাজনৈতিক বক্তব্যে বিজেপিকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, "যতই চেষ্টা করুক, এবারের নির্বাচনে বিজেপিকে ৫০ আসনের মধ্যে বেঁধে রাখা হবে।" তিনি অভিযোগ করেন, বিজেপির কাছে ইডি, সিবিআই-সহ নানা সংস্থা থাকলেও সাধারণ মানুষের সমর্থন নেই।
এসআইআর প্রসঙ্গে তিনি বলেন, এই প্রক্রিয়ার জন্য সাধারণ মানুষকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হয়েছে। তবে সেই মানুষই ভোটের মাধ্যমে এর জবাব দেবে বলেও দাবি করেন তিনি।
লক্ষ্মীর ভান্ডার প্রসঙ্গে বিজেপিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে অভিষেক বলেন, "যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে, তারা ১৫০০ টাকার লক্ষ্মীর ভান্ডার চালু করে দেখাক।"
এছাড়াও তিনি একাধিক প্রতিশ্রুতি দেন -আজীবন লক্ষ্মীর ভান্ডার নিশ্চিত করা, বাড়ি বাড়ি পানীয় জলের ব্যবস্থা, প্রতি ব্লকে 'দুয়ারে স্বাস্থ্য' ক্যাম্প এবং প্রবীণদের বার্ধক্য ভাতা দ্রুত মঞ্জুর করা।
সভা থেকে রাজ্যের মানুষের পাশে থাকার বার্তা দিয়ে উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আবেদন জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়।