অনলাইন পেমেন্টের নামে প্রতারণা, আসানসোলে অভিযুক্ত গ্রেপ্তার
পশ্চিম বর্ধমান, আসানসোল :
একদিকে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষকে অনলাইন পেমেন্ট ব্যবহারে উৎসাহিত করছে, অন্যদিকে ডিজিটাল লেনদেনকে কেন্দ্র করে প্রতারণার ঘটনাও সামনে আসছে। এবার এমনই এক অভিযোগ উঠল আসানসোলের নুনি ও পাঁচগাছিয়া এলাকায়।
অভিযোগ, এক ব্যক্তি বিভিন্ন দোকানে গিয়ে জিনিসপত্র কেনার পর অনলাইনে টাকা পাঠানোর দাবি করেন। মোবাইলে ইউপিআই পেমেন্ট হয়েছে বলে দোকানদারদের স্ক্রিন দেখিয়ে আশ্বস্তও করেন তিনি। কিন্তু পরে দোকানিরা জানতে পারেন, তাদের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়েনি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একই কায়দায় একাধিক দোকানদারের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এরপর নুনি এলাকার এক দোকানদার সন্দেহ হওয়ায় ওই ব্যক্তিকে ধাওয়া করেন এবং শেষ পর্যন্ত এইচএলজি হাসপাতালের সামনে তাকে আটক করেন।
ঘটনার খবর পেয়ে অন্যান্য ক্ষতিগ্রস্ত দোকানদাররাও সেখানে জড়ো হন। অভিযুক্তকে টাকা লেনদেন নিয়ে প্রশ্ন করা হলে তিনি বারবার অজুহাত দিতে থাকেন বলে অভিযোগ। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
জানা গিয়েছে, ধৃত ব্যক্তি রেলপাড় এলাকার বাসিন্দা। অভিযোগ, তিনি জাল ইউপিআই অ্যাপ ব্যবহার করে বিভিন্ন দোকানে ঘুরে এই ধরনের প্রতারণা চালাতেন।
ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকার দোকানদাররা।