হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওয়াংচুক

Jul 29, 2026 - 14:33
 3
হাসপাতাল থেকে ছাড়া পেলেন ওয়াংচুক

১০ দিন পরে হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষাবিদ তথা সমাজসৈনিক সোনম ওয়াংচুক। সোমবার হরিয়ানার গুরুগ্রামের এক হাসপাতাল থেকেই একটি ভিডিয়োবার্তায় তিনি জানান, দিল্লির রাজঘাটে মহাত্মা গাঁধীকে শ্রদ্ধা জানিয়ে লাদাখে বাড়ির উদ্দেশে রওনা দেবেন।ওয়াংচুক নিজের শারীরিক পরিস্থিতির কথা জানিয়ে বলেন, “অবশেষে আজ হাসপাতাল থেকে মুক্তি পাচ্ছি। এখন অনেকটা ভাল আছি। অল্প অল্প করে খাওয়ার পরিমাণ বাড়াচ্ছি। শরীরে বলও ফিরে পাচ্ছি।” শিক্ষায় দুর্নীতি, ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁসের প্রতিবাদ এবং তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন ওয়াংচুক। গত ১৮ জুলাই তাঁকে জোর করে দিল্লির সফদরজং হাসপাতালে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তার পরেও অবশ্য অনশন চালিয়ে যান ওয়াংচুক।পরে আদালতের অনুমতিতে গুরুগ্রামের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল ওয়াংচুককে। কিন্তু তার পরেও অনশন চালিয়ে যাচ্ছিলেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার দুই কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের সঙ্গে ওই হাসপাতালেই দীর্ঘ বৈঠকের পরে অনশন প্রত্যাহার করেন সোনম।শুক্রবার সকালে একটি ভিডিয়ো প্রকাশ করে ওয়াংচুক জানান, কেন্দ্রের তরফে মূলত তিনটি আশ্বাস পাওয়ার পরেই ২৬ দিনের অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন তিনি।