হকি বিশ্বকাপের ইংল্যান্ডের কাছে হার ভারতের
হকি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচেই হারের মুখ দেখতে হল ভারতকে। সোমবার আমস্টেলভিনে এগিয়ে গিয়েও জিততে পারল না ভারতীয় দল। ২-৪ গোলে হারতে হয়েছে ইংল্যান্ডের কাছে।সোমবারের ম্যাচের আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ২৪ বার মুখোমুখি হয়েছিল ভারত। জিতেছিল ১০ বার, হেরেছিল ৯ বার। খেলার শুরুতে বেশ আগ্রাসী ছিল ভারত। জার্মানপ্রীত সিংহের শট অল্পের জন্য বাইরে যায়। ১১ মিনিটে ইংল্যান্ড প্রথম পেনাল্টি কর্নার পায়। তবে মনপ্রীত সিংহ এগিয়ে এসে শট বাঁচিয়ে দেন।দু’মিনিট পরেই গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড। মাঝমাঠ থেকে লম্বা বল বাড়িয়েছিলেন ইংল্যান্ডের খেলোয়াড়। তা ধরেন স্টুয়ার্ট রাশমেয়ার। পাস দেন সতীর্থ নিকোলাস বান্দুরাককে। তিনি গোল করেন।দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই সমতা ফেরায় ভারত। প্রথম পেনাল্টি কর্নায় পেয়ে সেটিই কাজে লাগায় ভারত। হরমনপ্রীতের শট গোলের কোনাকুনি ছিল। ইংল্যান্ড গোলকিপারে পক্ষে আটকানো সম্ভবই ছিল না। দু’মিনিট পরেই একটি সুযোগ নষ্ট করে ভারত। পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেনি তারা।তবে দ্বিতীয় কোয়ার্টারেই এগিয়ে যায় ভারত। বাঁ প্রান্ত থেকে ইংল্যান্ডের ডিফেন্ডারকে বোকা বানিয়ে উপরে উঠে আসেন হার্দিক সিংহ। তিনি গোলের অপর দিকে পাস দেন দিলপ্রীতকে। স্টিকের হালকা স্পর্শে বল গোলে ঠেলে দেন দিলপ্রীত। দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে ইংল্যান্ডের একটি গোল বাতিল হয়।তৃতীয় কোয়ার্টারে ভারত আরও বেশি বল নিয়ন্ত্রণে রাখছিল। তত ক্ষণে আটটি শট নিয়ে ফেলেছিল তারা। কিন্তু ইংল্যান্ড সমতা ফেরায় ৩৯ মিনিটে। সতীর্থের থেকে বল পেয়ে হালকা ফ্লিক করে গোল করেন রাশমেয়ার।দু’মিনিট পর প্রতি আক্রমণে একটি সুযোগ নষ্ট করে ইংল্যান্ড। কিন্তু কোয়ার্টার শেষের দু’মিনিট আগেই এগিয়ে যায় ইংল্যান্ড। গোল করেন হেনরি ক্রফট। চার মিনিটের মধ্যে দু’গোল করে এগিয়ে যায় ইংল্যান্ড।চতুর্থ কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার নষ্ট করে ভারত। ৫০ মিনিটে অভিষেকের একটি প্রয়াস ব্যর্থ হয়। বাঁ প্রান্ত থেকে বিপক্ষকে এড়িয়ে উঠে গেলেও পোস্টের বাইরে যায় তাঁর শট। ৫১ মিনিটের মাথায় বক্সের মধ্যে পড়ে গিয়েছিলেন মনদীপ। ভারত রেফারাল চাইলেও আম্পায়ার তাতে মান্যতা দেননি।
চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে পর পর দু’টি পেনাল্টি কর্নায় পায় ইংল্যান্ড। দ্বিতীয়টি থেকে গোল করে তারা। বান্দুরাক গোল করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করে দেন।