সুন্দরবনে বাঘের হামলা, সঙ্গীদের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন মৎস্যজীবী—আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন
বসিরহাট:
সুন্দরবনের গভীর জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হলেন এক মৎস্যজীবী। সঙ্গীদের তৎপরতায় প্রাণে বাঁচলেও বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। ঘটনাকে কেন্দ্র করে সুন্দরবন সংলগ্ন এলাকায় চরম আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।
আহত মৎস্যজীবীর নাম নিখিল মণ্ডল। তাঁর বাড়ি বসিরহাটের শামশেরনগর এলাকায়। জানা গিয়েছে, নিখিল মণ্ডলসহ মোট ছয়জনের একটি দল সুন্দরবনের বড়িতলা জঙ্গলে কাঁকড়া ধরতে গিয়েছিলেন। প্রতিদিনের মতোই তারা নৌকা নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ করেছিলেন জীবিকার সন্ধানে।
অভিযোগ, গতকাল বিকেলের দিকে হঠাৎই একটি রয়্যাল বেঙ্গল টাইগার তাদের নৌকার উপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বাঘটি সরাসরি নিখিল মণ্ডলের উপর আক্রমণ চালায়। নৌকার ওপরেই শুরু হয় ধস্তাধস্তি।
সেই সময় উপস্থিত অন্য মৎস্যজীবীরা অসীম সাহসিকতা দেখিয়ে বাঁশ ও লাঠি দিয়ে বাঘটিকে আঘাত করতে শুরু করেন। তাদের একযোগে চেষ্টায় অবশেষে বাঘটিকে তাড়িয়ে দেওয়া সম্ভব হয়। তবে ততক্ষণে গুরুতর জখম হয়ে পড়েন নিখিল মণ্ডল।
রক্তাক্ত অবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে যোগেশগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকের পরামর্শে গভীর রাতে তাঁকে বসিরহাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
বর্তমানে হাসপাতালের চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন নিখিল মণ্ডল। তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গেছে।
এই ঘটনায় নতুন করে সুন্দরবনে জীবিকা নির্বাহ করতে যাওয়া মৎস্যজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গলে প্রবেশ করা এই মানুষদের সুরক্ষা ও বিকল্প জীবিকার দাবিও জোরালো হচ্ছে এলাকায়।