সম্পূর্ণ নিশ্ছিদ্র করা হয়েছে নিট! পরীক্ষাব্যবস্থা নিয়ে দাবি কেন্দ্রের

Aug 20, 2026 - 11:29
 2
সম্পূর্ণ নিশ্ছিদ্র করা হয়েছে নিট! পরীক্ষাব্যবস্থা নিয়ে দাবি কেন্দ্রের

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (নিট) পরীক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ রূপে নিশ্ছিদ্র করা হয়েছে। নিটে প্রশ্নফাঁসের মামলায় সুপ্রিম কোর্টের কাছে বুধবার এমনই দাবি করল কেন্দ্র। কেন্দ্রের হয়ে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। শীর্ষ আদালতে তিনি জানিয়েছেন, নিটের প্রশ্নপত্র বহনকারী বাহনগুলিতে জিপিএস প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই ব্যবস্থায় গাড়ির সামান্য গতিবিধিও রেকর্ড করা সম্ভব। এর পরই মেহতা দাবি করেন, নিটের বর্তমান পরীক্ষাব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত। কোনও নিয়ম লঙ্ঘন করা সহজ হবে না। আদালতে কেন্দ্র আরও দাবি করে, প্রশ্নব্যাঙ্ক তৈরিতে একাধিক মডারেটরকে দায়িত্ব দেওয়া দেওয়া হয়েছে। তবে কোন প্রশ্ন শেষপর্যন্ত পরীক্ষার প্রশ্নপত্রে জায়গা পাবে, সে সম্পর্কে কোনও তথ্য থাকবে না মডারেটরদের কাছে। ফলে প্রশ্নফাঁস রুখতে নানা স্তরে গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।কেন্দ্রের দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট জানায়, এই ধরনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে রাধাকৃষ্ণণ কমিটিও সমীক্ষা করেছে। নিটের ব্যবস্থাপনায় বেশ কিছু প্রাতিষ্ঠানিক ত্রুটির কথা উল্লেখ করে সেই কমিটি। কিন্তু এর দীর্ঘমেয়াদি এবং স্থায়ী সমাধান প্রয়োজন বলেও জানিয়েছে শীর্ষ আদালত।পরীক্ষাব্যবস্থা নিশ্ছিদ্র করার প্রসঙ্গে কেন্দ্রের দাবির প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বলে, ‘‘ইউপিএসসি-কে দেখুন। কোনও রকম সমস্যা ছাড়াই এই পরীক্ষা পরিচালিত হচ্ছে। ইউপিএসসি যে ভাবে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা করে, সেই ভাবেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-কে আরও দক্ষ এবং আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিশেষজ্ঞদের নিয়োগ করতে হবে, যাঁরা পরিবর্তিত প্রযুক্তি সম্পর্কেও ওয়াকিবহাল। এর পরই কেন্দ্রকে নতুন করে হলফনামা পেশ করতে বলে সুপ্রিম কোর্ট। তিন সপ্তাহ পর পরবর্তী শুনানি।