শ্রীলঙ্কার বিরুদ্ধে শতরান করলেন পডিক্কল, ব্যর্থ যশস্বী, পন্থ, ব্যাট করলেন না শুভমন
আঙুলের চোটে প্রথম দিন ফিল্ডিং করতে পারেননি। প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে ব্যাটও করতে নামলেন না শুভমন গিল। ব্যর্থ যশস্বী জয়সবাল এবং ঋষভ পন্থও। তবে দ্রুতগতিতে শতরান করে টেস্ট দলে তিন নম্বরে জায়গা কার্যত পাকা করে ফেললেন দেবদত্ত পডিক্কল। দ্বিতীয় দিনের শেষে ভারত ৯০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান তুলেছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসের থেকে ৬ রান কম। পডিক্কল অপরাজিত থেকেছে ১৪২ রানে। রবীন্দ্র জাডেজা ৬২ রানে অবসৃত আউট হয়েছেন। মানব সুতারও (৪১) ব্যাট হাতে ছন্দে ছিলেন। কেএল রাহুল করেছেন ৪০। এ ছাড়া বাকি ব্যাটারেরা দাগ কাটতে পারেননি।দ্বিতীয় দিনে ব্যাট করা অনেক সহজ হয়ে গিয়েছিল। পডিক্কল সেই সুযোগ ভাল ভাবে কাজে লাগান। ১৮টি বাউন্ডারিই বলে দিচ্ছে তিনি তিনে খেলার দাবিদার। যশস্বী দিনের দ্বিতীয় বলেই আউট হন। বিশ্ব ফার্নান্ডোকে কাট করতে গিয়ে ফিরে যান তিনি। রাহুল এবং পডিক্কল দ্বিতীয় উইকেটে ৯৬ রান যোগ করেন।রাহুল ধীরে ধীরে খেললেও, পডিক্কল শুরু থেকে ভাল খেলেছে। তাঁর দু’টি কভার ড্রাইভ, সামনের দিকে এবং পয়েন্টের পিছনে কাট মুগ্ধ করেছে। ডান হাতি পেসার ইশিতা উইজেসুন্দরাকে দু’টি ভাল বাউন্ডারি মেরেছেন। পেসারদের শর্ট বল এবং স্পিনারদের অবলীলায় খেলেছেন। তাঁর প্রিয় ‘নটরাজ শট’ও দেখা গিয়েছে। শট খেলার আগে অতিরিক্ত এক সেকেন্ড সময় নিচ্ছেন পডিক্কল। রক্ষণও অনেক মজবুত হয়েছে। স্পিনারদের বিরুদ্ধে ফুটওয়ার্কও ভাল ছিল। ১২১ বলে শতরান করেন।সবচেয়ে হতাশ করা পারফরম্যান্স পন্থের। মাত্র ২ রানের মাথায় অফ স্পিনার রমেশ মেন্ডিসের বলে অক্রিকেটীয় শট খেলতে গিয়ে আউট হন। লং অনের উপর দিয়ে তুলে খেলতে গিয়েছিলেন। লং অফে ক্যাচ ওঠে। ধ্রুব জুরেলের (১) টেকনিকের অভাবও ধরা পড়েছে। সামনের পায়ে খেলতে গিয়ে আউট হন। বরং মানবের পাশাপাশি সারাংশ জৈনের (২২) ব্যাটিং ভাল হয়েছে।