রেশন দুর্নীতি মামলায় ফের সক্রিয় ইডি, একযোগে ১২ জায়গায় তল্লাশি
রেশন বণ্টন দুর্নীতি মামলায় ফের সক্রিয় হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তে উঠে এসেছে বসন্তকুমার সরাফ নামে এক ব্যবসায়ীর নাম। তাঁর সংস্থার মাধ্যমেই কীভাবে রেশন সামগ্রী বণ্টন করা হতো এবং কোথায় কোথায় পাঠানো হতো, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এই সূত্রেই ব্যবসায়ী সরাফের বাড়ি-সহ একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। শুক্রবার একযোগে মোট ১২টি জায়গায় অভিযান শুরু করেছে ইডি। কলকাতা, মুর্শিদাবাদ, হাওড়া ছাড়াও বনগাঁতেও চলছে তল্লাশি।
রেশন সামগ্রী পাচার, আর্থিক লেনদেন এবং এর সঙ্গে জড়িত সম্ভাব্য প্রভাবশালী যোগের দিকগুলি খতিয়ে দেখা হচ্ছে। এই অভিযানে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে।