মালদায় ভোটার তালিকা নিয়ে উত্তেজনা, অবরোধে স্তব্ধ যান চলাচল

Mar 28, 2026 - 09:46
 6
মালদায় ভোটার তালিকা নিয়ে  উত্তেজনা, অবরোধে স্তব্ধ যান চলাচল

মালদা: ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মালদার কালিয়াচক এলাকা। বৃহস্পতিবার কালিয়াচক ১ নম্বর ব্লকের সিলামপুর ১ গ্রাম পঞ্চায়েতের মহালদারপাড়া এলাকায় ৩ নম্বর বুথে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ার অভিযোগে তীব্র বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

অভিযোগ, ওই বুথে মোট ৯৯৩ জন ভোটারের মধ্যে ৫২২ জনের নাম 'আন্ডার অ্যান্ড জুডিকেশন'-এ ছিল। পরে প্রকাশিত সাপ্লিমেন্টারি তালিকায় সেই তালিকার মধ্যেই ৪২৭ জনের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি এলাকাবাসীর। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।

প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা

কালিয়াচক-মোথাবাড়ি রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। অবরোধের ফলে কিছু সময়ের জন্য যান চলাচল সম্পূর্ণভাবে ব্যাহত হয় এবং রাস্তার দু'পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভকারীদের দাবি, "প্রথমে ভোটার তালিকা সঠিকভাবে সংশোধন করতে হবে, তারপর ভোট প্রক্রিয়া সম্পন্ন হোক।" এলাকাবাসীর অভিযোগ, প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরও বহু পরিবারের সদস্যদের নাম তালিকা থেকে বাদ পড়েছে। কোথাও মেয়ের নাম থাকলেও ছেলের নাম নেই, আবার কোথাও বাবার নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে।

ক্ষুব্ধ বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "এত মানুষের নাম বাদ পড়লে, যাদের নাম রয়েছে তারাও ভোট দিতে যাবেন না।" প্রয়োজনে ভোট বয়কটের কথাও জানান তাঁরা।

এলাকাবাসীর একটাই দাবি-ভোটার তালিকা পুনরায় খতিয়ে দেখে সঠিকভাবে সংশোধন করতে হবে এবং সকল যোগ্য ভোটারের নাম অন্তর্ভুক্ত করতে হবে। তারপরই তাঁরা ভোেট প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন বলে স্পষ্ট জানিয়েছেন বিক্ষোভকারীরা।