মাছের যাত্রায় নমিনেশন, বড় মাছ হাতে অভিনব প্রচারে জিতেন্দ্র তেওয়ারি
পাণ্ডবেশ্বর: বাঙালির সংস্কৃতিতে মাছকে শুভ প্রতীক হিসেবে মানা হয়। বিশেষ করে বিজয়া দশমীর পর যাত্রা শুরুর আগে মাছের ডালি নিয়ে বেরোনোর প্রথা বহুদিনের। সেই ঐতিহ্যকে সামনে রেখেই এক অভিনব উপায়ে নিজের মনোনয়ন যাত্রা শুরু করলেন পাণ্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি।
বুধবার সকালে দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরে মনোনয়ন জমা দেওয়ার দিন ছিল। বিভিন্ন দলের প্রার্থীদের ভিড়ের মাঝেই নজর কেড়েছে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ। দলের কর্মী-সমর্থকরা ডালি করে ছোট মাছ নিয়ে এসে প্রার্থীর যাত্রাকে শুভ করার আয়োজন করেন।
শুধু ছোট মাছ নয়, বড় আকারের একটি মাছ হাতে নিয়েও প্রার্থীকে দেখা যায়। ফুল ও চন্দনের টিপ দিয়ে সেই মাছের পূজা করে শুরু হয় তাঁর মনোনয়ন যাত্রা। এরপর সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি রওনা দেন দুর্গাপুর মহকুমা শাসক দপ্তরের উদ্দেশ্যে।
এই অভিনব প্রচার ঘিরে এলাকায় ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে এবং রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে।