ভোটের মুখে ইডির নোটিস, স্ক্যানারে তৃণমূলের দুই হেভিওয়েট প্রার্থী
বিধানসভা নির্বাচনের আগে ফের সক্রিয় ইডি। তৃণমূল কংগ্রেসের দুই প্রার্থী—বিধাননগরের সুজিত বসু ও মধ্যমগ্রামের রথীন ঘোষকে তলব করা হয়েছে। শনিবার তাঁদের সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডি সূত্রে জানা গিয়েছে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসুকে ডাকা হয়েছে। এর আগে তাঁকে দু’বার তলব করা হয়েছিল, এবার তৃতীয়বার নোটিস পাঠানো হল। অন্যদিকে, জমি দখল সংক্রান্ত মামলায় ইডির নজরে রয়েছেন রথীন ঘোষ। এই নিয়ে তাঁকে দ্বিতীয়বার তলব করা হয়েছে।
ভোটের ঠিক আগে এই তলবকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। বিরোধীদের দাবি, তদন্তের মাধ্যমে দুর্নীতির সত্য সামনে আসছে, অন্যদিকে তৃণমূলের অভিযোগ—এটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ।