ভোটের আগে খাস কলকাতায় বোমা উদ্ধার, আতঙ্ক সরশুনায়
কলকাতা: ভোটের আগে খাস কলকাতায় উদ্ধার হল বোমা। সরশুনা থানার অন্তর্গত ১২৭ নম্বর ওয়ার্ডে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখা যায় একটি তাজা বোমা। দীর্ঘক্ষণ সেটি রাস্তায় পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। অভিযোগ ওঠে, এলাকায় সমাজবিরোধী কার্যকলাপে যুক্ত কয়েকজন দুষ্কৃতী এই বোমা ফেলে যেতে পারে। যদিও পুলিশের তরফে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের খবর মেলেনি এবং কারা এর সঙ্গে জড়িত, তা সরকারি ভাবে নিশ্চিত করা হয়নি।
ঘন জনবসতিপূর্ণ এলাকায় বোমাটি পড়ে থাকায় আতঙ্ক ছড়ায়। স্থানীয়দের আশঙ্কা, বিস্ফোরণ ঘটলে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সরশুনা থানার পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কে বা কারা বোমা রেখে গেল এবং এর পেছনে কোনও উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।