ভুটান সীমান্তে হাতির দাঁত পাচার রুখল বন দফতর, গ্রেফতার দুই

Feb 23, 2026 - 16:29
 8
ভুটান সীমান্তে হাতির দাঁত পাচার রুখল বন দফতর, গ্রেফতার দুই

ভুটানে পাচারের আগেই হাতির দাঁত-সহ ধরা পড়ল দুই ব্যক্তি। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলায় অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল বন দফতর।

রবিবার কালচিনি ব্লকের বানিয়া সেতু সংলগ্ন ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় জলদাপাড়া বন বিভাগ-এর কোদালবস্তি রেঞ্জ। রেঞ্জ অফিসার সন্দীপ দাসের নেতৃত্বে বাইক আরোহী দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে উদ্ধার হয় দু’টি হাতির দাঁত, যার মোট ওজন প্রায় ১.৬৪ কেজি।

ধৃতরা শামুকতলা এলাকার বাসিন্দা—ইয়াকুব এক্কা ও অজয় রাউতিয়া। বন দফতর সূত্রে জানা গিয়েছে, অসম থেকে হাতির দাঁত সংগ্রহ করে জয়গাঁ সীমান্ত হয়ে ভুটানে পাচারের পরিকল্পনা ছিল তাদের। ঘটনায় ব্যবহৃত বাইকটিও বাজেয়াপ্ত করা হয়েছে।

এই পাচারচক্রে আরও কেউ জড়িত কি না, তা জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান সহকারী বন্যপ্রাণ সহায়ক নভিকান্ত ঝা। ধৃতদের অতীত রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে বন দফতর।

বন্যপ্রাণ সংরক্ষণ আইন ভঙ্গের অভিযোগে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। ঘটনায় সীমান্তবর্তী এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।