ভারত-আফগানিস্তান টি২০ সিরিজ় নিয়ে সংশয়
সেপ্টেম্বর মাসে আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ় খেলার কথা ভারতের। কিন্তু সেই সময়ই হতে পারে ভারত-বাংলাদেশ সিরিজ়। ফলে আফগানিস্তান সিরিজ় পিছিয়ে যেতে পারে।সেপ্টেম্বরের ১৩, ১৫ ও ১৭ তারিখ দিল্লিতে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ় হওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েক দিনে ভারত-বাংলাদেশ সিরিজ় নিয়ে কথা অনেকটাই এগিয়েছে। সেই সময়ই বাংলাদেশ সফরে যেতে পারে ভারত। সেপ্টেম্বরের ১, ৩ ও ৬ তারিখ হওয়ার কথা তিনটি এক দিনের ম্যাচ। তার পর ৯, ১২ ও ১৩ সেপ্টেম্বর হওয়ার কথা তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।অর্থাৎ, ভারত-বাংলাদেশ সিরিজ় যে দিন শেষ হওয়ার কথা সে দিনই ভারত-আফগানিস্তান সিরিজ় শুরু হওয়ার কথা। সেটা কোনও ভাবেই সম্ভব নয়। তাই আফগানিস্তান সিরিজ় পিছিয়ে যেতে পারে।ভারতের মাটিতে বেশ কয়েক বছর ধরে নিজেদের হোম সিরিজ় খেলছে আফগানিস্তান। তবে এই প্রথম বার ভারতকে তাদের মাটিতেই অ্যাওয়ে সিরিজ় খেলতে হত। দিল্লির মাঠে হোম সিরিজ় খেলত আফগান দল। সেই সিরিজ় নিয়েই সংশয় দেখা দিয়েছে।