বিধানসভা ভোটের আগে বসিরহাটে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দীপেন্দু বিশ্বাস–পার্থসারথি বসু সহ শতাধিক নেতা-কর্মী

Feb 23, 2026 - 14:43
 0
বিধানসভা ভোটের আগে বসিরহাটে বড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন দীপেন্দু বিশ্বাস–পার্থসারথি বসু সহ শতাধিক নেতা-কর্মী

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমায় বিরোধী শিবিরে বড়সড় ভাঙন দেখা গেল। প্রাক্তন বিধায়ক তথা ফুটবলার দীপেন্দু বিশ্বাস এবং বসিরহাট পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পার্থসারথি বসু কয়েকশো কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে তৃণমূলে যোগদান করলেন।

অন্যদিকে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র ও পিসিসি সদস্য, বসিরহাট ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি কাদের সর্দারও তাঁর অনুগামীদের নিয়ে শাসক দলে নাম লেখান। গোটরা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস সদস্যরাও এদিন তৃণমূলে যোগ দেন।

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের টিকিট না পেয়ে দীপেন্দু বিশ্বাস ও পার্থসারথি বসু বিজেপিতে যোগ দিয়েছিলেন। এরপর দীর্ঘদিন সক্রিয় রাজনীতিতে তাঁদের বিশেষ দেখা না গেলেও বিভিন্ন সামাজিক ও ক্রীড়া অনুষ্ঠানে দীপেন্দুর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি Mohammedan SC-এর সঙ্গে যুক্ত থেকেও পরিচিত মুখ।

এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বসিরহাট তৃণমূলের সাংগঠনিক জেলা সভাপতি বুরহানুল মুকাদ্দিম, চেয়ারম্যান সরোজ, আইএনটিটিইউসি সভাপতি এটিএম আব্দুল্লাহ রনি এবং দক্ষিণ বসিরহাট–সন্দেশখালি–হিঙ্গলগঞ্জের কো-অর্ডিনেটর সুরজিৎ মিত্র সহ অন্যান্য নেতৃত্ব।

তৃণমূলে যোগ দিয়ে দীপেন্দু বিশ্বাস ও পার্থসারথি বসু জানান, ভুল সিদ্ধান্তে বিজেপিতে গিয়েছিলেন তাঁরা। রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সামিল হতেই পুনরায় পুরনো দলে ফেরা। তাঁদের দাবি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে উন্নয়নের কাজ করছেন, সেই আদর্শে অনুপ্রাণিত হয়েই তাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন।

কাদের সর্দারও বলেন, রাজ্যে কংগ্রেস ক্রমশ দুর্বল হচ্ছে। উন্নয়নের স্বার্থে এবং মানুষের কাজ করতে তৃণমূলেই সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে এই যোগদান বসিরহাট মহকুমায় তৃণমূলের সংগঠনকে আরও শক্তিশালী করবে।