বাংলাদেশের নেতৃত্বে ফিরলেন শাকিব

Jul 31, 2026 - 14:44
 3
বাংলাদেশের নেতৃত্বে ফিরলেন শাকিব

দেশে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর আর বাংলাদেশে ফেরা হয়নি ক্রিকেটার শাকিব আল হাসানের। দেশে ফেরা নিয়ে নানান জল্পনা-কল্পনার মধ্যেই খবর, তিনিই আবার নেতৃত্বে ফিরলেন। এই খবরে বেজায় খুশি শাকিবভক্তরা।তবে বাংলাদেশ জাতীয় দলের নয়। আপাতত লেজেন্ডস ক্রিকেটে নেতৃত্বে ফিরছেন সেদেশের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার। আসন্ন এশিয়ান লেজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক করা হয়েছে ৩৮ বছরের শাকিবকে। ফলে অনেক দিন পর আবারও অধিনায়কত্ব করতে দেখা যাবে তাঁকে। বাংলাদেশ টাইগার্সের দলে রয়েছেন একঝাঁক প্রাক্তন তারকা। সহ-অধিনায়ক অলক কাপালি। এছাড়া ধীমান ঘোষ, মেহেদি মারুফ, শফিউল ইসলাম, আবুল হাসান রাজুদের মতো পরিচিত মুখও রয়েছেন দলে।গত এক দশকে বাংলাদেশের ক্রিকেটে শাকিবের অবদান অনস্বীকার্য। তিন সংস্করণ মিলিয়ে ১৪ হাজারের বেশি আন্তর্জাতিক রান, ৭০০-রও বেশি উইকেট রয়েছে তাঁর। দীর্ঘ সময় বিশ্বের এক নম্বর অলরাউন্ডার ছিলেন। পরিসংখ্যানই বলে দেয় তাঁর কীর্তির ব্যাপ্তি। তবে জাতীয় দলে তাঁর ফেরা এখনও অনিশ্চিত। ২০২৪ সালে আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, আইনি জটিলতা এবং নিরাপত্তাজনিত কারণে দেশে ফিরতে পারেননি শাকিব। সেই কারণেই ঢাকায় নিজের বিদায়ী টেস্টও খেলা হয়নি তাঁর। তারপর থেকেই আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে।যদিও আশার আলো দেখিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সম্প্রতি একটি অনুষ্ঠানে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশে ফেরার বিষয়ে আশা প্রকাশ করেছিলেন শাকিব। সেখানে তিনি বলেছিলেন, “আমি আশাবাদী যে বছরের শেষ দিকে ফিরতে পারব। কীভাবে সেটা ঘটবে জানি না। তবে আমি সত্যিই আশাবাদী।”