বহরমপুরে 'রবিন হুড' আবেগ, জন্মদিনেই মনোনয়ন জমা অধীরের
বহরমপুর: বহরমপুরের রাজনীতির 'রবিন হুড' তথা প্রদেশ কংগ্রেসের হেভিওয়েট নেতা অধীর রঞ্জন চৌধুরীর জন্মদিন আজ। আর সেই বিশেষ দিনটিকেই নিজের রাজনৈতিক লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বেছে নিলেন তিনি। কেক কেটে কর্মীদের আবদার মিটিয়েই সোজা রওনা দিলেন জেলা প্রশাসনিক ভবনের দিকে। কংগ্রেসের টিকিটে বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে আজই মনোনয়ন দাখিল করলেন তিনি।
বহরমপুর আর অধীর চৌধুরী-গত কয়েক দশকে এই দু'টি নাম কার্যত সমার্থক হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক মহলে তিনি যাই হোন না কেন, স্থানীয়দের কাছে তিনি স্রেফ ঘরের ছেলে, বিপদের বন্ধু 'দাদা'। সকাল থেকেই জেলা কংগ্রেস কার্যালয়ে উৎসবের মেজাজ ছিল তুঙ্গে। কর্মীদের সঙ্গে কেক কাটার পর হাসিমুখে তাঁদের শুভেচ্ছা গ্রহণ করেন তিনি। তবে উৎসবের আবহেও তাঁর চোখেমুখে ছিল নির্বাচনী লড়াইয়ের দৃঢ়তা।
এবারের বিধানসভা নির্বাচনে তাঁর এই প্রার্থীপদ জেলার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। এখন দেখার, এই 'রবিন হুড' আবেগ ব্যালট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে।