প্লাটিনাম জুবলিতে দক্ষিণ ২৪ পরগনা ক্রীড়া অ্যাসোসিয়েশনের ফুটবল কোচিং সেমিনার, অংশ নিলেন ৫০ কোচ
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর :
দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে রবিবার সকালে বারুইপুর ক্রীড়া ভবনে অনুষ্ঠিত হল একটি বিশেষ ফুটবল কোচিং ক্লিনিক ও সেমিনার। প্লাটিনাম জুবলি উদ্যাপনকে কেন্দ্র করে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫০ জন ফুটবল কোচ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাটা একাডেমির প্রাক্তন কোচ ও বিশিষ্ট ফুটবলার গৌতম ঘোষ, দক্ষিণ ২৪ পরগনা জেলা ক্রীড়া অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং সভাপতি শক্তি রায় চৌধুরী, জেলা থেকে আইএফএ প্রতিনিধি শংকর ঘোষ, আইএফএর সদস্য আবির দাস এবং ক্রীড়া অ্যাসোসিয়েশনের সম্পাদক সুপ্রিয় ঘোষ সহ অন্যান্য আধিকারিক ও কর্মকর্তারা।
ওয়ার্কিং সভাপতি শক্তি রায় চৌধুরী জানান, ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে গত কয়েক মাস ধরেই বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। জেলার বিভিন্ন মাঠে ফুটবল, ক্রিকেট, হকি, কবাডি, বাস্কেটবল, ভলিবল ও সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী খেলোয়াড়দের প্লাটিনাম জুবলি উপলক্ষ্যে মেমেন্টো দিয়ে সম্মানিত করা হয়েছে।
সম্পাদক সুপ্রিয় ঘোষ বলেন, এই ফুটবল কোচিং প্রশিক্ষণের মূল লক্ষ্য হল জেলার ছোট ছোট ছেলেমেয়েদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতে বড় মাপের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। তিনি আরও জানান, এই প্রশিক্ষণ শুধুমাত্র একদিনের জন্য নয়, আগামী দিনগুলোতে বারুইপুর সাগর সংঘের মাঠে নিয়মিত কোচিং চালু থাকবে।
গৌতম ঘোষ তাঁর বক্তব্যে বলেন, এই কোচিং ক্যাম্পের সূচনা জেলার ফুটবল পরিকাঠামোকে আরও শক্তিশালী করবে। ভবিষ্যতে আরও বেশি করে এ ধরনের প্রশিক্ষণ শিবির আয়োজনের প্রয়োজন রয়েছে, যাতে প্রতিভাবান ফুটবলাররা নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে পারে। প্লাটিনাম জুবলির এই উদ্যোগ জেলার ক্রীড়া মহলে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।