পুরসভা হবে কাকদ্বীপ? ভোটের আগে বড় ইস্যুতে উত্তপ্ত রাজনৈতিক মহল
কাকদ্বীপ: অদূর ভবিষ্যতে কাকদ্বীপ কি পুরসভা হতে চলেছে? এই প্রশ্নই এখন ঘুরছে সাধারণ মানুষের মুখে মুখে। আর সেই ইস্যুকেই সামনে রেখে জমে উঠেছে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রচার।
কাকদ্বীপ ইতিমধ্যেই মহকুমার স্বীকৃতি পেয়েছে। এখানে রয়েছে আদালত, সুন্দরবন পুলিশ জেলার সদর দফতর এবং উন্নত পরিকাঠামোর মহকুমা হাসপাতাল, যা বর্তমানে সুপার স্পেশ্যালিটি হাসপাতালে পরিণত হয়েছে। ২০১১ সালের পর থেকে কাকদ্বীপের উন্নয়নের চিত্র অনেকটাই বদলেছে বলে দাবি স্থানীয়দের একাংশের।
তবে প্রশ্ন একটাই— এত উন্নয়ন সত্ত্বেও এখনও কেন পুরসভা হয়নি কাকদ্বীপ? এই বিষয়টিকেই হাতিয়ার করে ভোটের ময়দানে নেমেছে প্রায় সব রাজনৈতিক দল।
সিপিএম প্রার্থী নারায়ণ দাসের বক্তব্য, কাকদ্বীপ শহরের জনসংখ্যা অনেক বেড়েছে, বহু আগেই পুরসভা হওয়া উচিত ছিল। সেই দাবিকেই সামনে রেখে প্রচার চালানো হচ্ছে।
অন্যদিকে বিজেপি প্রার্থী দীপঙ্কর জানা কটাক্ষ করে বলেন, প্রতি নির্বাচনের সময় পুরসভা গঠনের প্রতিশ্রুতি দেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। তাই এবারের নির্বাচনে এই ইস্যুকেই গুরুত্ব দিয়ে প্রচার করছে তাদের দল।
পাল্টা জবাব দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের প্রার্থী মন্টুরাম পাখিরা দাবি করেন, কাকদ্বীপকে পুরসভা করার উদ্যোগ প্রথম নেয় তৃণমূলই। প্রয়োজনীয় প্রশাসনিক মানদণ্ড পূরণ করা হয়েছে, এখন আর কোনও বাধা নেই বলেও তাঁর দাবি। তাই এই নির্বাচনে পুরসভা গঠনের বিষয়টিকে জোর দিয়েই তুলে ধরা হচ্ছে।
এই ইস্যুকে কেন্দ্র করে কাকদ্বীপে রাজনৈতিক উত্তেজনা ক্রমশই বাড়ছে।