পশ্চিম মেদিনীপুর: ঘাটালে ট্রাকের ধাক্কায় বাইক চালকের মৃত্যু
পশ্চিম মেদিনীপুর: ভরদুপুরে ঘাটালে মালবাহী ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনাটি ঘটেছে ঘাটাল-পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটালের ঘড়িমোড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাস্তা পারাপারের সময় পাঁশকুড়াগামী একটি মালবাহী ট্রাক বাইক চালককে ধাক্কা মেরে পালিয়ে যায়। তবে কিছুটা দূরে ঘাটালের নিমতলা এলাকায় ট্রাকটিকে আটক করে পুলিশ। যদিও চালক ঘটনাস্থল থেকে পলাতক।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। মৃত ব্যক্তির নাম রামাপদ দোলুই (৭০)। তিনি ঘাটালের বারগোবিন্দ মান্দারপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
ঘটনার তদন্ত শুরু করেছে ঘাটাল থানার পুলিশ।