পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে সেনা মহড়ায় দুর্ঘটনায় শহীদ জওয়ান অজয় জয়সওয়াল, শোকস্তব্ধ এলাকা
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লীর মামড়া বাজার এলাকার বাসিন্দা ভারতীয় সেনাবাহিনীর জওয়ান অজয় জয়সওয়াল দুর্ঘটনায় শহীদ হয়েছেন। জানা গেছে, জম্মুতে সেনাবাহিনীর বন্দুকের গোলা নিক্ষেপের মহড়া চলাকালীন একটি দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।
শহীদ জওয়ান অজয় জয়সওয়াল অবিবাহিত ছিলেন। তাঁর অকাল প্রয়াণের খবরে পরিবার-পরিজন থেকে শুরু করে গোটা এলাকাজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া।
বৃহস্পতিবার বিকেলে তাঁর মরদেহ বিমানে করে দুর্গাপুর বিমানবন্দরে আনা হয়। সেখান থেকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে মরদেহ নিয়ে যাওয়া হয় পানাগড় বায়ুসেনা ঘাঁটিতে। শুক্রবার সকালে শহীদের মরদেহ তাঁর বাড়ি, মামড়া বাজারের বিদ্যাসাগর পল্লীতে নিয়ে আসা হলে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং এলাকার বহু মানুষ শেষ শ্রদ্ধা জানান।
এই সময় দুর্গাপুরের বিভিন্ন প্রশাসনিক আধিকারিকও উপস্থিত থেকে শহীদ জওয়ানকে শ্রদ্ধা জানান এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান। উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস, প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, বর্ধমান সেন্ট্রাল সমবায় ব্যাংকের চেয়ারম্যান উত্তম মুখোপাধ্যায়, সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিপুল সাহা এবং রাজেশ কোণারসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
শহীদ জওয়ান অজয় জয়সওয়ালের এই আত্মত্যাগে গোটা এলাকা শোকস্তব্ধ হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।