পঞ্চায়েতে চাকরির প্রলোভন, টাকা নেওয়ার অভিযোগে বালুরঘাটে আটক যুবক
পঞ্চায়েতে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগে বালুরঘাটে আটক হল এক যুবক। অভিযুক্তের নাম সঞ্জয় মাহাতো। তাঁর বাড়ি বালুরঘাট পুলিশ ফাঁড়ি সংলগ্ন এলাকায় বলে জানা গিয়েছে।
অভিযোগ, পঞ্চায়েতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা তুলছিলেন সঞ্জয় মাহাতো। বালুরঘাট পুলিশ লাইন এলাকার বাসিন্দা কবিতা লাকড়া ওরাও নামে এক মহিলা অভিযোগ করেন, সন্তানের চাকরির জন্য তিনি অভিযুক্তকে প্রায় ২৩ হাজার টাকা দেন। কিন্তু দীর্ঘদিন কেটে গেলেও প্রতিশ্রুতি মতো চাকরি না পাওয়ায় সন্দেহ তৈরি হয়। অভিযোগ, টাকা নেওয়ার পর থেকেই অভিযুক্ত তাঁদের এড়িয়ে চলছিলেন এবং যোগাযোগ বন্ধ করে দেন।
শুক্রবার বালুরঘাট বাসস্ট্যান্ডের মিনি মার্কেট এলাকায় ওই মহিলা সঞ্জয় মাহাতোকে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন। দু’জনের মধ্যে বচসা শুরু হলে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বালুরঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।
অভিযোগকারী মহিলার দাবি, শুধু তাঁর কাছ থেকেই নয়, আরও কয়েকজনের কাছ থেকেও চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়া হয়েছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রতারণার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।