নেদারল্যান্ডসের কাছে হার, হকি বিশ্বকাপ থেকে বিদায়ের মুখে হরমনপ্রীতেরা
হকি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস ৩-১ গোলে হারাল ভারতকে। এই হারের ফলে হরমনপ্রীত সিংহদের সেমিফাইনালে ওঠার আশা প্রায় শেষ। বিদায়ের মুখে দাঁড়িয়ে তাঁরা।সাতটি পেনাল্টি কর্নার পেয়েছিল ভারত। মাত্র একটি গোল হল। ওপেন প্লে থেকেও সুযোগ তৈরি করেছিলেন হার্দিক সিংহেরা। কিন্তু গোল করতে পারলেন না তাঁরা। তাতেই ডুবল ভারত।শনিবার রাত সাড়ে ১০টায় ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে নামবে আর্জেন্টিনা। সেই ম্যাচ ইংল্যান্ড জিতলে বা ড্র করলেই বিশ্বকাপ থেকে বিদায় নেবে ভারত। যদি ইংল্যান্ড হারে, তবেই একমাত্র বেঁচে থাকবেন হরমনপ্রীতেরা।অথচ নেদারল্যান্ডসের বিরুদ্ধে শুরুটা ভারত খারাপ করেনি। প্রথম ১৫ মিনিটে ভারতই বেশি সুযোগ তৈরি করে। কিন্তু গোল করতে পারেনি তারা। দ্বিতীয় কোয়ার্টার থেকে খেলায় ফেরে নেদারল্যান্ডস। ঘরের মাঠের সুবিধা তুলতে শুরু করে তারা। এই মাঠে ২০২৪ সালের পর থেকে কেন তারা হারেনি তা আরও এক বার দেখাল নেদারল্যান্ডস।ভারত দ্বিতীয় কোয়ার্টারে চাপে পড়লেও গোল খায়নি। কিন্তু তৃতীয় কোয়ার্টার ভারতের রক্ষণ ভেঙে পড়ল। ক্রমাগত আক্রমণের ফসল তুলল ডাচেরা। কারকেরার জোরালো শটে স্টিক ছুঁইয়ে গোল করলেন ডুকো টেলগেনক্যাম্প।
ভারত গোল শোধের অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু এই ম্যাচে হতাশ করলেন অধিনায়ক হরমনপ্রীত। বেশির ভাগ সময় সাইডলাইনে বসে কাটালেন তিনি। দেখে মনে হচ্ছিল, কোমরের পুরনো ব্যথা ফিরে এসেছে। তিনি না থাকায় পেনাল্টি কর্নারের সুবিধা তুলতে পারল না ভারত। হরমনপ্রীত যে কয়েকটি পেনাল্টি কর্নারে শট মারলেন, তা-ও খুব একটা ভাল মানের নয়।একটিই শট গোলে মারেন হরমনপ্রীত। গোটা ম্যাচে সেই এক বারই হাসি ফোটে ভারতীয় সমর্থকদের মুখে। তবে তার আগেই হোয়েডেমেকার্স নেদারল্যান্ডসের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়িয়ে নিয়েছিলেন। ফলে গোল করার পরেও আক্রমণ করা ছাড়া উপায় ছিল না ভারতের। সেটা করতে গিয়ে রক্ষণে ফাঁক তৈরি হল। তা কাজে লাগিয়ে নেদারল্যান্ডসের তৃতীয় গোল করলেন থিস ভ্যান ড্যাম। সেখানেই শেষ হয়ে গেল ভারতের ফেরার স্বপ্ন।