দ্রাবিড় বা গম্ভীর নন, শামির পছন্দের কোচ শাস্ত্রী

Aug 5, 2026 - 14:39
 5
দ্রাবিড় বা গম্ভীর নন, শামির পছন্দের কোচ শাস্ত্রী

ভারতীয় দলে খেলার সময় বেশ কয়েক জন কোচকে দেখেছেন মহম্মদ শামি। তাঁদের মধ্যে তাঁর পছন্দের কোচ অন্য এক জন। তাঁর নাম রবি শাস্ত্রী। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের কোচের নাম জানিয়েছেন শামি। তিনি বলেন, “কোচেদের তুলনা করা খুব কঠিন। আমি গৌতি ভাইয়ের অধীনে বেশি খেলিনি। তবে রাহুল ভাই আর অনিল ভাইয়ের সঙ্গে অনেক সময় কাটিয়েছি। তবে আমার পছন্দের কোচ বললে আমি রবি ভাইয়ের নাম করব।” কেন শাস্ত্রীকে পছন্দের কোচ বলেছে, সেই ব্যাখ্যাও দিয়েছেন শামি। তিনি বলেন, “একটাই কারণ। রবি ভাই সকলকে স্বাধীনতা দিত। আগ্রাসী ক্রিকেট খেলতে বলত। মাঠে নেমে আমরা লড়াই করতাম। জিততে নামতাম। বাইরে থেকেই আপনারা সেটা দেখতে পেতেন।” ভারতীয় দলে ১৩ বছর ধরে খেলছেন শামি। বেশ কিছু দিন জাতীয় দলে সুযোগ না পেলেও অবসর নেননি তিনি। এই ১৩ বছরের কেরিয়ারে একটিই আফসোস রয়েছে তাঁর। সেটি হল, ২০২৩ সালের এক দিনের বিশ্বকাপের ফাইনালে হার। সেই প্রতিযোগিতায় সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন শামি। প্রতিযোগিতায় সর্বাধিক উইকেট নিলেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল।

সেই প্রসঙ্গে শামি বলেন, “আমার মাথায় সবটা ছবির মতো রয়েছে। কারণ, জীবনে ওই একটাই আফসোস রয়ে গিয়েছে। আমাদের ওই ফাইনালটা জেতা উচিত ছিল। ওই হারটা মাথা থেকেই যায় না।”

সে বার সবচেয়ে বেশি উইকেট নিলেও সেটা মাথায় রাখতে চান না শামি। তিনি বলেন, “রেকর্ডের কোনও গুরুত্ব নেই। কিন্তু প্রতিটা আইসিসি প্রতিযোগিতাতেই কয়েকটা ম্যাচ খেলতে পারিনি। যদি পারতাম তা হলে হয়তো আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি উইকেট আমার দখলে থাকত। অবশ্য ও সব ভেবে লাভ নেই। সবসময় মাঠে নেমে নিজের ১০০ শতাংশ দিয়েছি। সেটাই মাথায় রাখতে চাই।”