দল ছাড়লেন ‘দেশের সেরা অলরাউন্ডার’ শশাঙ্ক সিংহ

Aug 4, 2026 - 14:02
 13
দল ছাড়লেন ‘দেশের সেরা অলরাউন্ডার’ শশাঙ্ক সিংহ

ছত্তিশগড়ের হয়ে আর ক্রিকেট খেলবেন না শশাঙ্ক সিংহ। আগামী মরসুমে ঘরোয়া ক্রিকেটে তাঁকে দেখা যাবে পুদুচেরির হয়ে। ৩৪ বছরের অলরাউন্ডার ছত্তিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাছে অনা়পত্তিপত্রের জন্য আবেদন করেছেন।গত মরসুমে চোট পেয়েছিলেন শশাঙ্ক। তাঁর অভিযোগ, সে সময় ছত্তিশগড়ের ক্রিকেট কর্তাদের কাছ থেকে কোনও সাহায্য পাননি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে শশাঙ্ক জানিয়েছেন, গত মরসুমে কাঁধে গুরুতর চোট পান। আঙুল ভেঙে যায়। কিন্তু রাজ্য সংস্থা তাঁর পাশে ছিল না। ছত্তিশগড় ক্রিকেট প্রিমিয়ার লিগ থেকে বাদ দেওয়া হয়। প্রাক মরসুম প্রস্তুতির জন্য বেঙ্গালুরুর শিবিরেও ডাকা হয়নি। বাদ দেওয়ার কারণও জানানো হয়নি। শশাঙ্ক বলেছেন, ‘‘গত মরসুমে দুটো গুরুতর চোট পেয়েছিলাম। কিন্তু ছত্তিশগড় ক্রিকেট সংস্থার কাছ থেকে কোনও সাহায্য পাইনি। আমাকে বলা হয়েছিল, শুধু আইপিএল খেলতে। ঘরোয়া ক্রিকেটে ছত্তিশগড়ের হয়ে আর খেলার সুযোগ দেওয়া হবে না। অথচ ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আমাকে সাদা বলের ক্রিকেটে সেরা অলরাউন্ডারের স্বীকৃতি দেয়। ২০২৩-২৪ মরসুমে ঘরোয়া ক্রিকেটের সেরা অলরাউন্ডার হিসাবে লাল অমরনাথ পুরস্কার পেয়েছি। তা-ও আমায় খেলার সুযোগ দেওয়া হবে না!’’ পদুচেরির হয়ে শশাঙ্ক আসন্ন মরসুমে শুধু সাদা বলের ক্রিকেট খেলতে চান। আপাতত লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকতে চাইছেন। শশাঙ্ক বলেছেন, ‘‘এখন আমি সম্পূর্ণ তরতাজা। আগামী মরসুমে শুধু সাদা বলের ক্রিকেটে মন দিতে চাই। লাল বলের ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিচ্ছি। পুদুচেরি এবং পঞ্জাব কিংসের হয়ে চারটে ওভারে নিজের সেরাটা দিতে চাই।’’