তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের পর এবার ডেবরা ব্লক সভাপতির 'বাগানবাড়ি' ঘিরে চর্চা, তদন্তের দাবি বিজেপির

May 22, 2026 - 12:38
 0
তৃণমূল বিধায়ক দিলীপ মন্ডলের পর এবার ডেবরা ব্লক সভাপতির 'বাগানবাড়ি' ঘিরে চর্চা, তদন্তের দাবি বিজেপির

পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি প্রদীপ করকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, গত কয়েক বছরে তাঁর বিপুল সম্পত্তি বৃদ্ধি নিয়ে এলাকাজুড়ে শুরু হয়েছে জোর চর্চা। বিজেপির দাবি, প্রদীপ করের নামে ৬৪টি প্লট রয়েছে এবং বালিচক সংলগ্ন পাকুই গ্রামের পাশে মাঠের মধ্যে তৈরি হয়েছে একাধিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ আলিশান বাগানবাড়ি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডেবরা ব্লকের বালিচক এলাকার বাসিন্দা প্রদীপ কর একসময় সাধারণ জীবনযাপন করতেন। তবে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাঁর সম্পত্তির পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় বলে অভিযোগ। প্রায় ১৫ বছরের মধ্যে তাঁর নামে একাধিক জমি কেনা হয়েছে বলে দাবি বিরোধীদের। বিজেপির অভিযোগ, কয়েক কোটি টাকার সম্পত্তির পাশাপাশি প্রায় তিন বিঘারও বেশি জায়গাজুড়ে তৈরি হয়েছে বিশাল বাগানবাড়ি, যেখানে রয়েছে পুকুর, মাছচাষ, ফুল ও ফলের বাগান এবং তিনতলা বাড়ি।

এলাকার একাংশের দাবি, দীর্ঘদিন প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না। তবে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর ধীরে ধীরে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন। স্থানীয়দের একাংশের প্রশ্ন, কোনও বড় ব্যবসা বা নির্দিষ্ট আয়ের উৎস না থাকা সত্ত্বেও কীভাবে এত বিপুল সম্পত্তি তৈরি হল। অনেকে কাটমানির অভিযোগও তুলছেন।

প্রদীপ কর তৃণমূলের ছাত্র সংগঠন থেকে রাজনৈতিক জীবন শুরু করেন। পরে যুব সংগঠনের দায়িত্ব সামলানোর পাশাপাশি পূর্ববর্তী পঞ্চায়েত বোর্ডে ভূমি কর্মাধ্যক্ষ ছিলেন। বর্তমানে তিনি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে রয়েছেন।

এলাকার বিজেপি নেতা তথা স্থানীয় বাসিন্দা অসিত কুমার রাউত দাবি করেছেন, প্রদীপ করের সমস্ত সম্পত্তি ও বাগানবাড়ি কীভাবে তৈরি হয়েছে তা নিয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দাও একই প্রশ্ন তুলেছেন।